logo

পোপকে আচরণ ঠিক করতে বললেন ট্রাম্প

পোপকে আচরণ ঠিক করতে বললেন ট্রাম্প

বিশ্বে চলমান যুদ্ধ ও সামরিক শক্তির দাম্ভিক আচরণ বন্ধ করা নিয়ে পোপ লিও চতুর্দশের সাম্প্রতিক মন্তব্যের সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পোপের ওপর ক্ষোভ ঝেড়ে ‘পক্ষাপাতিত্বমূলক আচরণ’ ঠিক করার জন্য তাগিদ দিয়েছেন।

রোববার (১২ এপ্রিল) পোপকে উদ্দেশ করে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প আক্রমণাত্মক এ মন্তব্য করেছেন।  

ট্রাম্প দীর্ঘ ওই পোস্টে পোপকে ‘পররাষ্ট্রনীতির জন্য ভয়াবহ’ বলে অভিহিত করেছেন এবং তার বিরুদ্ধে ‘চরম বামপন্থিদের তুষ্ট করার’ অভিযোগ এনেছেন।

সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদেন বলা হয়েছে, ঘটনার সূত্রপাত রোববার এক প্রার্থনা সভায় পোপের দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে। সেখানে পোপ যুদ্ধ বন্ধের আকুতি জানিয়ে বলেছেন, ক্ষমতার দম্ভ বা ‘সর্বময় ক্ষমতার দুঃস্বপ্ন’ থেকে এই ধ্বংসাত্মক যুদ্ধ চালানো হচ্ছে। পোপ সরাসরি ট্রাম্পের নাম না নিলেও, যুদ্ধের পক্ষে ধর্মীয় যুক্তি এবং সামরিক শক্তির বড়াই করা যুক্তরাষ্ট্রের প্রশাসনের প্রতি তার ইঙ্গিত ছিল বলে ধারণা করা হচ্ছে।

এর প্রতিক্রিয়ায় ট্রুথ সোশ্যালে দেওয়া এক দীর্ঘ পোস্টে ট্রাম্প লেখেন, আমি এমন পোপ পছন্দ করি না যিনি ইরানের পারমাণবিক অস্ত্র থাকাকে সমর্থন করেন। লিওর উচিত একজন রাজনীতিকের মতো আচরণ না করে মহান পোপ হওয়ার চেষ্টা করা। তার উচিত কাণ্ডজ্ঞান ব্যবহার করা এবং নিজেকে শুধরে নেওয়া।

এখানেই থেমে থাকেননি ট্রাম্প। গত বছর ইতিহাস গড়ে প্রথম আমেরিকান হিসেবে পোপের আসনে বসা লিও চতুর্দশের নিয়োগ নিয়ে বিতর্কিত দাবি করেছেন তিনি। ট্রাম্পের মতে, ভ্যাটিকান তাকে কেবল একারণেই নির্বাচিত করেছে যাতে তার (ট্রাম্প) সমালোচনা চালিয়ে যেতে পারে। 

ট্রাম্প সরাসরি বলেন, আমি হোয়াইট হাউসে না থাকলে লিও কোনদিন ভ্যাটিকানে বসতে পারতেন না। তিনি কেবল আমার কারণেই আজ এই অবস্থানে।

ক্যাথলিক জগতের সর্বোচ্চ ধর্মগুরুর বিরুদ্ধে ট্রাম্পের এমন সরাসরি এবং আক্রমণাত্মক মন্তব্য কূটনৈতিক ও ধর্মীয় মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বিশেষ করে পোপের ধর্মীয় ভাবগাম্ভীর্যকে উপেক্ষা করে তাকে একজন ‘রাজনীতিক’ হিসেবে তুলে ধরায় সমালোচনার ঝড় বইছে।