বাণিজ্যিক ব্যাগে আল্লাহর নাম ব্যবহার নিষিদ্ধ

অসম্মান ও অনুপযুক্ত ব্যবহার বন্ধে বাণিজ্যিক প্রতিষ্ঠানে আসমাউল হুসনার (আল্লাহর গুণবাচক নামসমূহ) নাম মুদ্রণ নিষিদ্ধ করেছে সৌদি আরব। ফলে এখন থেকে ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাগ, পণ্যের প্যাকেট কিংবা ব্যবহারের জন্য ব্যবহৃত জিনিসপত্রে আল্লাহর নাম মুদ্রণ করা যাবে না। খবর গালফ নিউজের।
আল্লাহ তায়ালার নামের প্রতি অসম্মান প্রদর্শনের পরিস্থিতি এড়াতে এই সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের সরকারি মুখপাত্র আবদুর রহমান আল-হুসেন এ তথ্য জানিয়েছেন। এক্স হ্যান্ডেলে দেওয়া বিবৃতিতে তিনি বলেন, আল্লাহ তায়ালার সুন্দর নামকে (আল-আসমা উল হুসনা) সম্মান এবং সুরক্ষার ইচ্ছা থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে বাণিজ্যিক উদ্দেশ্যে ধর্মীয় প্রতীক ব্যবহার নিষিদ্ধের ঘোষণা দেয় সৌদি আরব। একইসঙ্গে বাণিজ্যিক ক্ষেত্রে জাতীয় ও গোষ্ঠী প্রতীক ব্যবহার নিষিদ্ধের কথা জানিয়েছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়।
প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ৯০ দিনের মধ্যে নিষেধাজ্ঞা কার্যকর না করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। নিষেধাজ্ঞার যৌক্তিকতা তুলে ধরে সৌদির বাণিজ্যমন্ত্রী ড. মাজেদ আল-কাসাবি জানিয়েছেন, বিভিন্ন প্রতীক ও লোগোতে ধর্মীয় ও গোষ্ঠী প্রতীকের অপব্যবহার বা ভুল ব্যবহার বন্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্ত্রণালয় থেকে বলা হয়, যারা বাণিজ্যিক উদ্দেশ্যে এসব প্রতীক ও লোগো ব্যবহার করবে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো নিষেধাজ্ঞা অনুযায়ী নিজ নিজ প্রতীক ও লোগো পরিবর্তনের জন্য সরকারি গেজেট প্রকাশ থেকে ৯০ দিন সময় পাবে।
সৌদির বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, আগে থেকেই বাণিজ্যিক বিষয়াবলিতে সৌদির পতাকা ব্যবহার নিষিদ্ধ আছে। এই পতাকায় কালেমা খচিত আছে। এতে আরও আছে একটি পাম গাছ এবং দুটি তরবারির চিহ্ন।
নতুন নির্দেশনায় সৌদি আরবের পতাকা, কোনো নেতার ছবি বাণিজ্যিক লেনদেনের ক্ষেত্রে মুদ্রিত কোনো বস্তু, পণ্য, মিডিয়া-বুলেটিন বা বিশেষ উপহারেও ধর্মীয় ও গোষ্ঠী প্রতীক ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।