logo

খামেনি নিহতের ৪ দিন পর শোক জানাল ভারত

খামেনি নিহতের ৪ দিন পর শোক জানাল ভারত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুতে ইরানের প্রতি শোকপ্রকাশ করেছে ভারত। তার নিহত হওয়ার খবর সামনে আসার চার দিন পর বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) শোক জানাল নয়াদিল্লি। এ খবর জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি।

পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এদিন দিল্লিতে ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করে খামেনির মৃত্যুর জন্য শোক বইতে স্বাক্ষর করেছেন। গত শনিবার তেহরানে মার্কিন-ইসরায়েল বিমান হামলা চালায়। পরদিন ইরান সরকারের পক্ষ থেকে তার নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সওয়াল এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুতে ভারতের জনগণ ও সরকারের পক্ষে পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ইরান ইসলামিক প্রজাতন্ত্রের দূতাবাসে গিয়ে শোকপুস্তিকায় স্বাক্ষর করেছেন।’

এর আগে বৃহস্পতিবার দুপুরে ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে ফোনে কথা বলেছেন। তাদের মধ্যে কী আলোচনা হয়েছে, তা অবশ্য জানানো হয়নি।

এই পদক্ষেপটি নয়াদিল্লির অবস্থানে একটি সূক্ষ্ম পরিবর্তনের ইঙ্গিত দেয়। ভারত খামেনির মৃত্যুর বিমান হামলার সরাসরি নিন্দা করেনি ও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়ার জন্য বিরোধী দলের তীব্র দাবির মধ্যেও নীরবতা বজায় রেখেছে।

ভারতের পুরোনো মিত্র দেশ ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুতে নরেন্দ্র মোদির সরকার কোনো প্রতিক্রিয়া না দেওয়ায় দেশের মধ্যেই সমালোচনা উঠেছিল।

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরু হওয়ার পরে মধ্যপ্রাচ্যের একাধিক রাষ্ট্রপ্রধানের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফোনে কথা বলেছেন। পাশে থাকার বার্তা দিয়েছেন। তবে ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার নিন্দা করে এখনো কোনো বার্তা দেয়নি ভারত সরকার।