একযোগে ৪০০ ড্রোন দিয়ে রাশিয়ায় ইউক্রেনের হামলা

রাশিয়ার রাজধানী মস্কো ও এর আশেপাশের অঞ্চলকে লক্ষ্য করে বড় ধরনের হামলা চালিয়েছে ইউক্রেন। সোমবার (২০ জুলাই) রুশ কর্মকর্তারা জানিয়েছেন, ইউক্রেন রাতভর অন্তত ৪০০টি ড্রোন দিয়ে এ হামলা পরিচালনা করেছে। এই হামলায় দুইজন আহত হয়েছেন এবং বেশ কয়েকটি ভবনে আগুন লেগেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ কবর জানা গেছে।
মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিভ মেসেজিং অ্যাপ টেলিগ্রামে লিখেছেন, রাতভর বিমান প্রতিরক্ষা বাহিনী এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম মস্কো অঞ্চলে একটি ড্রোন হামলা প্রতিহত করেছে।
তিনি জানান, হামলার প্রধান প্রভাবগুলো পোডলস্ক, দোমোদেদোভো এবং ওডিন্টসোভো জেলায় রেকর্ড করা হয়েছে। ভোরোবিভ বলেন, হামলায় দুইজন আহত হয়েছেন। এছাড়া বেশ কয়েকটি বেসামরিক অবকাঠামোতে আগুন লেগেছে ও সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।
মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, রোববার (১৯ জুলাই) রাত সাড়ে ৮টা থেকে সোমবার ভোর ৫টার মধ্যে মস্কো অঞ্চলে ৪০০টিরও বেশি ড্রোন উৎক্ষেপণ করা হয়। তবে এগুলোর বেশিরভাগই দূরপাল্লার বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে নিষ্ক্রিয় করা হয়েছে। এর মধ্যে রাশিয়ার রাজধানীর কাছাকাছি আসার সময় আকাশে ৮৫টি ড্রোন ধ্বংস করা হয়।
রাশিয়ার বৃহত্তম অনলাইন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়াইল্ডবেরিজ সোমবার জানিয়েছে, হামলার সময় সতর্কতাস্বরূপ পোডলস্ক জেলায় তাদের লজিস্টিক সেন্টারটি খালি করা হয়েছিল। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে পরে সেখানে কার্যক্রম পুনরায় শুরু হয়। এর আগে গত শনিবার ইউক্রেনীয় ড্রোন হামলার তরঙ্গে ওয়াইল্ডবেরিজের সাতজন গুদাম কর্মী নিহত এবং আরও ডজন খানেক আহত হন। এছাড়া আরেকটি ড্রোন হামলায় বৃহত্তর মস্কো অঞ্চলের একটি তেল ডিপোতে আগুন লেগে যায়।
এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রাতারাতি রাশিয়ার বিভিন্ন অঞ্চল এবং কৃষ্ণ সাগর ও আজভ সাগরের ওপর মোট ৩৮১টি ইউক্রেনীয় ড্রোন গুলি করে ভূপাতিত করেছে।
.png)






