ইসরায়েলে এক মাসে প্রায় ৫ হাজার সাইবার হামলা চালায় ইরান

এশিয়া পোস্ট ডেস্ক
ইসরায়েলে এক মাসে প্রায় ৫ হাজার সাইবার হামলা চালায় ইরান
ছবি: সংগৃহীত

চলতি বছর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরুর পর ইসরায়েলের বিরুদ্ধে ইরানের সাইবার হামলার সংখ্যা কয়েক গুণ বেড়েছে বলে দাবি করেছেন দেশটির এক শীর্ষ সাইবার নিরাপত্তা কর্মকর্তা।

Advertisement

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের ন্যাশনাল সাইবার ডিরেক্টরেটের মহাপরিচালক ইয়োসি কারাদি জার্মান দৈনিক ডি ভেল্টকে দেওয়া এক সাক্ষাৎকারে এ দাবি করেন।

কারাদির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুনে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযানের সময় দেশটির কর্তৃপক্ষ প্রায় ১ হাজার ৬০০টি সাইবার হামলার তথ্য নথিভুক্ত করেছিল। তবে এ বছরের একই সময়ে এ সংখ্যা বেড়ে প্রায় ৪ হাজার ৮০০টিতে পৌঁছেছে।

ইয়োসি কারাদি বলেন, কিছু সাইবার হামলাকারী গোষ্ঠী অত্যন্ত দক্ষ। আমরা তাদের মোকাবিলা করতে পারছি, তবে বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিতে হচ্ছে। বাস্তব যুদ্ধক্ষেত্রের মতো সাইবার জগতে কোনো যুদ্ধবিরতি নেই।

তার দাবি, এসব হামলার লক্ষ্য ছিল ইসরায়েলের গুরুত্বপূর্ণ অবকাঠামো, কেন্দ্রীয় প্রতিষ্ঠান, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাপ্রতিষ্ঠান এবং সাধারণ নাগরিক। ক্ষতিগ্রস্তদের মধ্যে আইন ও হিসাবরক্ষণ প্রতিষ্ঠানও রয়েছে।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর পরিচালিত হামলাগুলো প্রতিহত করতে সক্ষম হয়েছে ইসরায়েল।

তবে তিনি কোনো প্রতিষ্ঠানের নাম উল্লেখ না করে বলেন, তুলনামূলক দুর্বল সাইবার নিরাপত্তা থাকা কিছু প্রতিষ্ঠানের কম্পিউটার ব্যবস্থা পুরোপুরি মুছে ফেলা হয়েছে।

ইরান বরাবরই অন্য দেশের বিরুদ্ধে সাইবার হামলা চালানোর অভিযোগ অস্বীকার করে থাকে। যদিও দেশটি প্রায়ই নিজেদের বিভিন্ন প্রতিষ্ঠানের ওপর সাইবার হামলার তথ্য প্রকাশ করে থাকে।