Advertisement

যুক্তরাষ্ট্রের রাডার ও এফ-১৫ যুদ্ধবিমান ধ্বংস করল আইআরজিসি

এশিয়া পোস্ট ডেস্ক
যুক্তরাষ্ট্রের রাডার ও এফ-১৫ যুদ্ধবিমান ধ্বংস করল আইআরজিসি
ইরানের আইআরজিসির ক্ষেপণাস্ত্র উৎেক্ষেপণ। ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অব্যাহত সামরিক আগ্রাসনের কড়া জবাবে জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামকির ঘাঁটিতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসলামি রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। হামলায় ঘাঁটিতে থাকা একটি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডার ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস ও মার্কিন বিমানবাহিনীর অত্যাধুনিক যুদ্ধবিমান এফ-১৫ ধ্বংস করার দাবি করেছে ইরানি বাহিনী।

জর্ডানের আল-রুকবান এলাকায় মার্কিন সেনানিবাসে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন সেনাকে হত্যার দাবি করেছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা। মঙ্গলবার (২১ জুলাই) পৃথক বিবৃতিতে আইআরজিসি এসব দাবি করেছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ইরনা।

বিবৃতিতে আইআরজিসি জানায়, তাদের মহাকাশ বাহিনীর পরিচালিত ‘অপারেশন নাসর-২’ (বিজয়-২)-এর ২৪তম পর্যায়ের অংশ হিসেবে জর্ডানের সেই মার্কিন ঘাঁটি লক্ষ্য করে নিখুঁত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।

বিবৃতিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, শত্রুপক্ষের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার নেটওয়ার্ক গুঁড়িয়ে দিয়ে মধ্যপ্রাচ্যে ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র আক্রমণের পথ সুগম করাই ছিল এই অভিযানের মূল কৌশলগত উদ্দেশ্য।

আইআরজিসির তথ্যমতে, এই আকস্মিক হামলায় একটি বিমান-প্রতিরক্ষা রাডার ব্যবস্থা পুরোপুরি অকেজো হয়ে গেছে এবং নির্ধারিত আশ্রয়স্থলে থাকা একটি এফ-১৫ যুদ্ধবিমান নিশ্চিহ্ন হয়ে পড়েছে। হামলার পাশাপাশি মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর অব্যাহত উপস্থিতির বিষয়ে এক চরম হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরানি এই এলিট বাহিনী।

বিবৃতিতে যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে বলা হয়, ‘এই মধ্যপ্রাচ্য অঞ্চল আমেরিকান আগ্রাসীদের জন্য কোনো নিরাপদ স্থান নয়।’ ভবিষ্যতে নিজেদের সৈন্যদের আরও ব্যাপক হতাহতের ঘটনা ও বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে অনতিবিলম্বে মার্কিন সামরিক বাহিনীকে এই অঞ্চল ছেড়ে চলে যাওয়ার আহ্বান জানিয়েছে আইআরজিসি।

তবে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র কিংবা জর্ডানের পক্ষ থেকে বিবৃতির কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।