জ্বালানি তেলের দাম বাড়লেও স্থিতিশীল মার্কিন শেয়ারবাজার
বিশ্বজুড়ে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে। কিন্তু, এরপরও মার্কিন শেয়ারবাজার স্থিতিশীল রয়েছে।
সোমবার (৩০ মার্চ) এ সংবাদ প্রকাশ করেছে বিবিসি।
গণমাধ্যমটির প্রতিবেদন অনুসারে, ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি প্রায় ১১৫ ডলারে থাকায় শেয়ারবাজার স্থিতিশীল রয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প ইরান যুদ্ধকে কোন দিকে নিয়ে যাবেন তা দেখার জন্য বিনিয়োগকারীরা অপেক্ষা করছেন বলে মনে হচ্ছে, যার ফলে সোমবার সকালে ইউরোপীয় শেয়ারবাজার অপরিবর্তিত ছিল।
ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি প্রায় ১১৫ ডলারে স্থির থাকলেও জ্বালানি তেলের এ দাম আগের মূল্যের চেয়ে বেশি।
এ বিষয়ে বিবিসি জানিয়েছে, বর্তমানে জ্বালানি তেলের মূল্য শুক্রবার ব্রেন্ট অপরিশোধিত তেলের সমাপনী মূল্যের চেয়ে বেশি। মার্চ মাসে জ্বালানি তেলের সর্বোচ্চ মূল্য ছিল ১৮ মার্চ তারিখে। তখন ব্রেন্ট অপরিশোধিত তেলের মূল্য ছিল ১১৯.৫০ ডলার।
সোমবার সকালে লন্ডনের শেয়ারবাজারে এফটিএসই ১০০ সূচক শূন্য দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে ফ্রান্সের পুঁজিবাজারে সিএসি ৪০ সূচক অপরিবর্তিত ছিল এবং জার্মানির শেয়ারবাজারে ডিএএক্স সূচক শূন্য দশমিক ২ শতাংশ কমেছে।
তবে ইয়েমেনে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা ইসরায়েলে হামলা চালানোর পর সোমবার সকালে এশিয়ার শেয়ারবাজারে তীব্র দরপতন ঘটেছে।