ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত, প্রকাশ করা হচ্ছে না নাম

ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্টের সদস্য আহমেদ আলমোলহোদা বলেছেন, ‘ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নতুন নেতা নির্বাচিত হয়েছেন। ‘ কিন্তু এখনও কারও নাম ঘোষণা করা হয়নি।
রোববার ( ৮ মার্চ) এ সংবাদ প্রকাশ করেছে বিবিসি ও ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সি।
আহমাদ আলামোলহোদা জানিয়েছেন, সংখ্যাগরিষ্ঠ সদস্য ঐকমত্যে পৌঁছেছেন, কিন্তু এখনো কিছু প্রক্রিয়া বাকি রয়েছে। এখন বাকি প্রক্রিয়া নির্ভর করছে অ্যাসেম্বলি অব এক্সপার্ট সচিবালয়ের প্রধান হোসেইনি বুশেহরির ওপর। বুশেহরি এই বিষয়ে প্রকাশ্যে ঘোষণা দেওয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত।
অ্যাসেম্বলি অব এক্সপার্ট হচ্ছে ইরানের ৮৮জন ধর্মীয় জ্যেষ্ঠ আলেমের একটি কাউন্সিল যাদের পপুলার ভোটে নির্বাচন করা হয়ে থাকে। সর্বোচ্চ নেতার শূন্যতায় পরবর্তী উত্তরাধিকারী নির্বাচনের দায়িত্ব এই কাউন্সিলের ওপরে থাকে।
এর আগে ইসরায়েল হুমকি দিয়ে বলেছে, ইরানে যাকেই নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করা হবে, তাকেই তারা লক্ষ্যবস্তু করবে। গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।
ইসরায়েল বলছে, তারা ইরানের খামেনির প্রতিটি উত্তরসূরির পিছু ধাওয়া করবে। অর্থাৎ, তাদেরকে হামলা করে হত্যা করা হবে। একইসঙ্গে তারা খামেনির উত্তরসূরি নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সংস্থাকে হুমকি দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ফার্সি ভাষায় দেওয়া এক পোস্টে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানের পরবর্তী নেতা নির্বাচনে যারা সংশ্লিষ্ট তাদের গতিবিধি নজরে রাখবে বা তাদের পিছু ধাওয়া করবে।
এর মাধ্যমে ইসরায়েলি সামরিক বাহিনী ইরানের পরবর্তী নেতা নির্বাচনে যারা জড়িত তাদের হত্যার হুমকি দিয়েছে। তারা খামেনির উত্তরসূরি নির্বাচনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ পরিষদকেও দেখে নেওয়ার কথা জানিয়েছেন। এ সংস্থাটিই মূলত ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনে জড়িত।