Advertisement

দক্ষিণ চীন সাগরে জাহাজ ডুবে নিখোঁজ ২৩

এশিয়া পোস্ট ডেস্ক
দক্ষিণ চীন সাগরে জাহাজ ডুবে নিখোঁজ ২৩
দক্ষিণ চীন সাগর। ছবি: সংগৃহীত

দক্ষিণ চীন সাগরে ভিয়েতনামি পণ্যবাহী জাহাজ ডুবে যাওয়ার পর নিখোঁজ ২৩ আরোহীর সন্ধানে উদ্ধার অভিযান শুরু করেছে উদ্ধারকারী দল। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সিসিটিভি জানিয়েছে, মোট ৬২ জন ভিয়েতনামী নাগরিককে বহনকারী ‘খোই এনগুয়েন ১৮’ নামের পণ্যবাহী জাহাজটি আকস্মিক ডুবে যায়।

রয়টার্স বলেছে, এ তথ্য নিশ্চিত করেছে চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হাইনানের সমুদ্র নিরাপত্তা কর্তৃপক্ষ।


বিতর্কিত ‘ফিয়ারি ক্রস রিফ’-এর কাছাকাছি অঞ্চলের এই দুর্ঘটনায় নিখোঁজদের সন্ধানে একাধিক টহল জাহাজ ও উদ্ধারকারী দল তল্লাশি চালাচ্ছে।

সিসিটিভি আরও জানিয়েছে, ঘটনাস্থলে অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রমে ছয়টি চীনা জাহাজ, একটি উদ্ধারকারী হেলিকপ্টার এবং একটি ভিয়েতনামি জাহাজ অংশ নিয়েছে। ডুবে যাওয়া ভিয়েতনামি জাহাজটি প্রায় ৭০ মিটার (২৩০ ফুট) লম্বা ও এর মোট ওজন ৯৯৯ টন।

তবে জাহাজটি কী কারণে ডুবে যায় সে বিষয়ে চীনের স্থানীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এএফপির মন্তব্যের অনুরোধে ভিয়েতনামের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি।