logo

দিল্লিতে ইরানের রাষ্ট্রদূতকে তলব

দিল্লিতে ইরানের রাষ্ট্রদূতকে তলব

হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টারত দুই ট্যাংকার জাহাজে গুলির ঘটনায় নয়াদিল্লিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ ফাতালিকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় রাষ্ট্রদূতকে তলব করে গভীর উদ্বেগ প্রকাশ করেছে নয়াদিল্লি। এ খবর জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে জানান, এই ঘটনার পরপরই ইরানের রাষ্ট্রদূতকে ডেকে পাঠানো হয় এবং পররাষ্ট্র সচিবের সঙ্গে তার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ভারতীয় পক্ষ হরমুজ প্রণালিতে ভারতীয় পতাকাবাহী দুটি জাহাজে গুলির ঘটনায় গভীর উদ্বেগ ও অসন্তোষ প্রকাশ করে। 

ভারত স্পষ্ট করে জানায়, আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথে বাণিজ্যিক জাহাজ ও নাবিকদের নিরাপত্তা তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে তারা ইরানকে স্মরণ করিয়ে দেয় যে, অতীতে ইরান ভারতগামী বহু জাহাজের নিরাপদ চলাচলে সহায়তা করেছিল।

পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি মোহাম্মদ ফাতালির সঙ্গে বৈঠকে হরমুজ প্রণালিতে দুটি ভারতীয় পতাকাবাহী জাহাজে গুলির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।

মিশ্রি তাকে ইরানের কর্তৃপক্ষের কাছে ভারতের বক্তব্য পৌঁছে দিতে ও যত তাড়াতাড়ি সম্ভব প্রণালি দিয়ে ভারতগামী জাহাজগুলোর যাতায়াতের সুবিধা দিতে প্রক্রিয়া পুনরায় শুরু করার জন্য অনুরোধ করেন।

এদিকে আক্রান্ত জাহাজগুলোর মধ্যে একটিকে ‘সানমার হেরাল্ড’ হিসেবে শনাক্ত করা হয়েছে বলে রয়টার্সকে জানিয়েছেন ভারত সরকারের একটি সূত্র। সূত্রটি আরও জানায়, জাহাজের নাবিকদল ও জাহাজটি নিরাপদ রয়েছে।