বিশ্বের ৯৯ শতাংশ মানুষ একসঙ্গে দিনের আলোয় থাকবেন আজ

এশিয়া পোস্ট ডেস্ক
বিশ্বের ৯৯ শতাংশ মানুষ একসঙ্গে দিনের আলোয় থাকবেন আজ
ছবি: সংগৃহীত

পৃথিবীর নিজ অক্ষের হেলানো অবস্থান ও উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল চলার কারণে বিরল মুহূর্তের তৈরি হবে বুধবার (৮ জুলাই)। বিশ্বের প্রায় ৯৯ শতাংশ মানুষ একই সময়ে দিন বা গোধূলির আলোয় থাকবে। বাংলাদেশ সময় বিকেল ৫টা ১০ মিনিটের দিকে (গ্রিনিচ মান সময় ১১টা ১০ মিনিট) পৃথিবীর অধিকাংশ জনবহুল অঞ্চল সূর্যের আলোয় থাকবে।

সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, তবে এই বিরল মুর্হূতটি ঘটছে মাত্র এক মিনিটের জন্য। এই সময়ের জন্য বিশ্বের প্রায় ৮২০ কোটি মানুষের মধ্যে অধিকাংশই পূর্ণ দিবালোক বা গোধূলিতে অবস্থান করবেন। কেবল অল্পসংখ্যক মানুষ তখন পূর্ণ অন্ধকারে থাকবেন।

সে সময় উত্তর ও দক্ষিণ আমেরিকা, ইউরোপ, আফ্রিকা ও এশিয়ার অধিকাংশ অঞ্চল সূর্যালোকে থাকবে। অন্যদিকে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু অংশ, অ্যান্টার্কটিকা ও আশপাশের মহাসাগরীয় এলাকায় রাত থাকবে।

তবে এটি শুধু ৮ জুলাইয়ের ঘটনা নয়। প্রতি বছর প্রায় ১৮ মে থেকে ১৭ জুলাই পর্যন্ত প্রায় ৬০ দিন ধরে প্রতিদিনই এমন একটি সংক্ষিপ্ত সময় আসে, যখন পৃথিবীর প্রায় পুরো মানবজাতি একযোগে দিন অথবা গোধূলির অভিজ্ঞতা লাভ করে।

২০২২ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট ভাইরাল হওয়ার পর অনেকের মধ্যে ধারণা তৈরি হয় যে, শুধু ৮ জুলাই-ই এমন ঘটনা ঘটে। পরে টাইম অ্যান্ড ডেট-এর তথ্য যাচাইয়ে দেখা যায়, ৮ জুলাইয়ের সময় এই মিল সবচেয়ে বেশি হলেও উত্তর গোলার্ধের গ্রীষ্মকালে প্রায় দুই মাস ধরে প্রতিদিনই একই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়।

বিশ্লেষণ অনুযায়ী, ওই মুহূর্তে বিশ্বের প্রায় ৬৯০ কোটি মানুষ, অর্থাৎ মোট জনসংখ্যার ৮৩ শতাংশ পূর্ণ দিনের আলোয় থাকবেন। আরও প্রায় ৫৮ কোটি মানুষ (৭ শতাংশ) মানুষ গোধূলি, প্রায় ৫০ কোটি মানুষ (৬ শতাংশ) নটিক্যাল গোধূলি ও প্রায় ২৫ কোটি মানুষ (৩ শতাংশ) অ্যাস্ট্রোনমিক্যাল গোধূলির অভিজ্ঞতা লাভ করবেন।

আর মাত্র প্রায় ৮ কোটি ৩০ লাখ মানুষ, অর্থাৎ বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ১ শতাংশ তখন পূর্ণ রাতের মধ্যে থাকবেন।