ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা (সুপ্রিম লিডার) হিসেবে ঘোষণা করা হয়েছে মোজতবা খামেনির নাম। তিনি সদ্য প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় সন্তান। সোমবার বাংলাদেশ সময় রাত সোয়া ৩টার দিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।
দেশটির ৮৮ জন ধর্মীয় বিশেষজ্ঞের সমন্বয়ে গঠিত ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’ ভোটাভুটির মাধ্যমে মোজতবা খামেনিকে এই পদে নির্বাচিত করে। নির্বাচনের পর সংস্থাটি নতুন নেতার প্রতি সবাইকে সমর্থন জানানোর আহ্বান জানিয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এক যৌথ হামলায় স্ত্রী-সন্তানসহ নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। ওই হামলায় ইরানের বেশ কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাও প্রাণ হারান। এরপর থেকেই দেশটির পরবর্তী নেতৃত্বের বিষয়টি আলোচনায় আসে।
৫৬ বছর বয়সী মোজতবা খামেনি এর আগে কখনো কোনো সরকারি দায়িত্ব পালন করেননি কিংবা কোনো নির্বাচনেও অংশ নেননি। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, বাবার উত্তরসূরি হিসেবে আগে থেকেই তার নাম আলোচনায় ছিল। বিশেষ করে ইরানের অভ্যন্তরীণ রাজনীতি এবং প্রভাবশালী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সঙ্গে তার গভীর সম্পর্ক রয়েছে বলে ধারণা করা হয়।
এদিকে, মোজতবা খামেনির এই মনোনয়ন নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে ভূ-রাজনৈতিক উত্তেজনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দিন আগেই এক বিবৃতিতে জানিয়েছিলেন, মোজতবা ইরানের সর্বোচ্চ নেতা হলে তা যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য হবে না। এমনকি ইরানের নেতা নির্বাচনে ওয়াশিংটনের সরাসরি ভূমিকা থাকার দাবিও করেছিলেন তিনি। তবে ট্রাম্পের সেই মন্তব্যকে উপেক্ষা করেই শেষ পর্যন্ত খামেনিপুত্রকেই বেছে নিল ইরান।
সূত্র: আল জাজিরা