logo

হরমুজ প্রণালি: একটি ভূতাত্ত্বিক বিস্ময়

হরমুজ প্রণালি: একটি ভূতাত্ত্বিক বিস্ময়

মধ্যপ্রাচ্যের সংকীর্ণ জলপথ হরমুজ প্রণালি শুধু কৌশলগত দিক থেকেই গুরুত্বপূর্ণ নয়, এটি পৃথিবীর অন্যতম আকর্ষণীয় ভূতাত্ত্বিক বিস্ময়ও। এই প্রণালি দিয়ে বিশ্বের সমুদ্রপথে পরিবাহিত তেলের প্রায় এক-চতুর্থাংশ যাতায়াত করে। ফলে এটি বৈশ্বিক অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ‘চোকপয়েন্ট’।

কিন্তু এই গুরুত্বপূর্ণ জলপথটি কীভাবে তৈরি হলো, এবং কেন এটি এত বিশেষ - সেই গল্প লুকিয়ে আছে কোটি কোটি বছরের ভূতাত্ত্বিক পরিবর্তনের মধ্যে।

দুই মহাদেশের সংঘর্ষের ফল

হরমুজ প্রণালির সৃষ্টি শুরু হয় প্রায় ৩৫ মিলিয়ন বছর আগে, যখন Arabian Plate উত্তরের Eurasian Plate-এর সঙ্গে ধাক্কা খেতে শুরু করে।

একসময় এই দুই প্লেটের মাঝখানে ছিল প্রাচীন টেথিস সাগর। সময়ের সঙ্গে সঙ্গে আরবিয়ান প্লেট উত্তরের দিকে সরে গিয়ে ইউরেশিয়ান প্লেটের নিচে ঢুকে যেতে থাকে—একে বলা হয় সাবডাকশন।

এই সংঘর্ষের ফলে - তৈরি হয় ইরানের জগ্রোস পর্বতমালা এবং ভূপৃষ্ঠ মোটা ও ভাঁজযুক্ত হয়ে ওঠে। কিছু অংশ নিচে দেবে গিয়ে তৈরি হয় পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালি।

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ভূমিকা

প্রায় ২০ হাজার বছর আগে, বরফযুগের শেষদিকে সমুদ্রপৃষ্ঠ অনেক নিচে ছিল। তখন পারস্য উপসাগরের কিছু অংশ হেঁটে পার হওয়াও সম্ভব ছিল।

পরবর্তীতে বরফ গলে সমুদ্রপৃষ্ঠ দ্রুত বাড়তে থাকে এবং উপসাগর ধীরে ধীরে পানিতে ভরে যায়। নদীর পানি এসে এই অঞ্চলকে আরও পূর্ণ করে এবং তৈরি হয় আজকের হরমুজ প্রণালি।

ওমানের মুসানদাম উপদ্বীপ: প্রাকৃতিক বিস্ময়

হরমুজ প্রণালির সবচেয়ে সরু অংশে অবস্থিত মুসান্ডাম উপদ্বীপ বা রুউস আল জিবাল, যা উত্তর দিকে ইরানের দিকে ছুরির মতো এগিয়ে গেছে।

এই অঞ্চলের বৈশিষ্ট্যগুলো হলো - খাড়া কালো পাথরের পাহাড়, ডুবে যাওয়া উপত্যকা বা ড্রাউনড ভ্যালি এবং বিরল ওফিওলাইট শিলা, যা সাধারণত সমুদ্রতলের গভীরে থাকে।

এ ছাড়া বিশ্বের সবচেয়ে বড় এবং ভালোভাবে দৃশ্যমান ওফিওলাইট গঠনের একটি এখানেই দেখা যায়।

তেল সম্পদের সঙ্গে সম্পর্ক

এই ভূতাত্ত্বিক প্রক্রিয়াই মধ্যপ্রাচ্যকে দিয়েছে বিশাল তেল ও গ্যাসের ভান্ডার।

কয়েকশ মিলিয়ন বছর ধরে - এই অঞ্চলে বিভিন্ন জৈব পদার্থ জমা হয় এবং পরে প্লেট সংঘর্ষের ফলে সেগুলো আটকে যায়। আর এ থেকেই তৈরি হয় বিশাল তেলক্ষেত্র, যা আজ বিশ্ব জ্বালানি বাজারের অন্যতম ভিত্তি।

সৌন্দর্যের পাশাপাশি ঝুঁকিও রয়েছে

হরমুজ প্রণালী যেমন গুরুত্বপূর্ণ, তেমনি এটি ঝুঁকিপূর্ণও। এটি খুবই সংকীর্ণ ও যে কোনো সংঘাত বা বাধা বৈশ্বিক তেল সরবরাহে প্রভাব ফেলে। তাই  অর্থনীতিতে বড় ধরনের অস্থিরতা তৈরি করতে পারে এ প্রণালি। 

ভূতাত্ত্বিকদের মতে, মুসান্ডাম উপদ্বীপ এখনো ধীরে ধীরে উত্তর দিকে সরে যাচ্ছে। এর ফলে, ভবিষ্যতে হরমুজ প্রণালি ধীরে ধীরে সংকুচিত হতে পারে। তবে এই প্রক্রিয়া সম্পূর্ণ হতে লাগবে প্রায় ১ কোটি বছর।

হরমুজ প্রণালি শুধু একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ নয়, এটি পৃথিবীর ইতিহাসের জীবন্ত উদাহরণ। দুই মহাদেশের সংঘর্ষ, সমুদ্রপৃষ্ঠের পরিবর্তন এবং ভূতাত্ত্বিক শক্তির মিলিত প্রভাবে তৈরি এই অঞ্চল একই সঙ্গে প্রাকৃতিক বিস্ময় ও কৌশলগত কেন্দ্র।

এর গুরুত্ব বোঝা মানে শুধু ভূগোল নয়, বরং বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি রাজনীতির একটি গুরুত্বপূর্ণ অংশকে বোঝা।