হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের

ইরানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানো হলে হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
রোববার এক বিবৃতিতে আইআরজিসি জানায়, পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করা হলে হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধ করে দেওয়া হবে এবং এসব স্থাপনা পুনর্নির্মাণ না হওয়া পর্যন্ত তা পুনরায় খুলে দেওয়া হবে না।
বিবৃতিতে আরও বলা হয়, ইরানের জ্বালানি অবকাঠামো আক্রান্ত হলে পাল্টা হিসেবে ইসরায়েলের বিদ্যুৎকেন্দ্র, জ্বালানি স্থাপনা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে ব্যাপক হামলা চালানো হবে। একই সঙ্গে অঞ্চলে যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব থাকা কোম্পানিগুলোকেও লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
এ ছাড়া যেসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, সেসব দেশের বিদ্যুৎকেন্দ্রকেও সম্ভাব্য লক্ষ্য হিসেবে উল্লেখ করেছে আইআরজিসি।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র হয়ে ওঠে। এর জেরে হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ জোরদার করে ইরান, যার ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব পড়ে।
বিশ্বের গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথগুলোর একটি এই প্রণালি দিয়ে দৈনিক বিপুল পরিমাণ জ্বালানি পরিবাহিত হয়। বর্তমানে সেখানে জাহাজ চলাচল সীমিত হয়ে পড়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে ১০০ ডলার ছাড়িয়েছে।
এদিকে প্রণালিটি সচল রাখতে যুক্তরাষ্ট্র মিত্র দেশগুলোর সহায়তা চাইছে। যদিও অনেক দেশ এখনও সরাসরি সামরিকভাবে জড়াতে অনাগ্রহী। তবে কয়েকটি ইউরোপীয় দেশ ও জাপান পরিস্থিতি পর্যবেক্ষণ করে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করার প্রচেষ্টায় যুক্ত হওয়ার আগ্রহ জানিয়েছে।