logo

মোজতবা খামেনির নিয়োগে ‘অসন্তুষ্ট’ ট্রাম্প

মোজতবা খামেনির নিয়োগে ‘অসন্তুষ্ট’ ট্রাম্প

আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ইরানের সর্বোচ্চ নেতার পদে নিয়োগ পেয়েছেন তার ছেলে মোজতবা খামেনি। কিন্তু মোজতবা খামেনির নিয়োগে ‘অসন্তুষ্ট’ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

ট্রাম্পের বরাত দিয়ে সোমবার (৯ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের এক অনুষ্ঠানে এ কথা বলা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম মিডলইস্ট আই।

ফক্স নিউজের উপস্থাপক ব্রায়ান কিলমিড বলেন, ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির নাম ঘোষণার পর তিনি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন। ট্রাম্প তাকে বলেছেন, ‘আমি সন্তুষ্ট নই’।

এ বিষয়ে কিলমিড আর কোনো বিস্তারিত তথ্য জানাননি। অন্যদিকে ট্রাম্প এখনো এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

এদিকে ওয়াশিংটন ডিসির স্টিমসন সেন্টারের ফেলো বারবারা স্লাভিন সংবদামাধ্যম আল-জাজিরাকে বলেছেন, ট্রাম্প এর আগে মার্কিন গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, তিনি মোজতবা খামেনিকে পরবর্তী নেতা হিসেবে মেনে নেবেন না।

ট্রাম্প এর আগে বলেছিলেন, তিনি মোজতবা খামেনির নির্বাচনে সন্তুষ্ট হবেন না এবং তাকে একজন ‘অদক্ষ’ নেতা হিসেবে বর্ণনা করেছিলেন। ইরানে এই নেতা নির্বাচন প্রক্রিয়ায় ওয়াশিংটনের মতামত দেওয়ার সুযোগ থাকা উচিত বলে জানিয়েছিলেন তিনি।

তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি হস্তক্ষেপের হুমকি সত্ত্বেও তেহরান তাদের নতুন নেতা মোজতবা খামেনির ছায়ায় পাহাড়ের মতো দৃঢ় অবস্থান নিয়েছে।

সোমবার সংবাদমাধ্যম আলজাজিরার বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ইরানিদের জন্য এটি ‘রেড লাইন’ বা চূড়ান্ত সীমা। এই পদক্ষেপের মাধ্যমে ‘ইরান তার নিজের ভাগ্য নিজেই নির্ধারণ করে এবং কোনো বিদেশি শক্তি, সে যতই শক্তিশালী হোক না কেন, তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করে দিতে পারে না’ এই বার্তাই দিচ্ছে।