logo

আলোচনার আগে ট্রাম্পকে ‘নমনীয়’ হওয়ার পরামর্শ পাকিস্তানের 

আলোচনার আগে ট্রাম্পকে ‘নমনীয়’ হওয়ার পরামর্শ পাকিস্তানের 

দ্বিতীয় দফার শান্তি আলোচনা দ্রুতই পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পাকিস্তানের উদ্দেশে রওনা করছেন বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যমগুলো। 

এরই মধ্যে খবর পাওয়া গেছে, আলোচনার আগে যেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কঠোর ভাষা ব্যবহার পরিহার করেন বা নমনীয় ভাষা ব্যবহার করেন তার জন্য ইসলামাবাদের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। 

মঙ্গলবার (২১ এপ্রিল) দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনের বরাতে এ খবর দিয়েছে সংবাদমাধ্যম মিডল ইস্ট আই। 

প্রতিবেদন অনুযায়ী, দুই দেশের মধ্যে সম্ভাব্য আলোচনার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ট্রাম্পকে এ আহ্বান জানিয়েছে ইসলামাবাদ। 

নাম প্রকাশে অনিচ্ছুক পাকিস্তানের একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, আলোচনার সংবেদনশীলতা বিবেচনা করে ট্রাম্পকে জনসমক্ষে কড়া ভাষা ব্যবহার থেকে বিরত থাকার জন্য বিশেষ বার্তা পাঠানো হয়েছে। মূলত আলোচনার টেবিল প্রস্তুত হওয়ার আগেই যাতে কোনো নেতিবাচক পরিস্থিতির সৃষ্টি না হয়, সে জন্যই এই সতর্ক অবস্থান।

এদিকে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে অন্য এক পাকিস্তানি কর্মকর্তা আশার কথা শুনিয়েছেন। তিনি বলেন, আমরা ইরানের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পেয়েছি। পরিস্থিতির দ্রুত পরিবর্তন হতে যাচ্ছে। আশা করছি, আগামীকাল বা পরশুর মধ্যেই ইরানি প্রতিনিধিদল আলোচনায় যোগ দেবে।

যুদ্ধবিরতির নির্ধারিত সময়সীমা প্রায় শেষ পর্যায়ে চলে আসায় তেহরান এবং ওয়াশিংটন—উভয়পক্ষের সঙ্গে অবিরাম যোগাযোগ চালিয়ে যাচ্ছে পাকিস্তান। 

সংবাদমাধ্যম অ্যাক্সিওস মার্কিন কর্মকর্তাদের বরাতে জানিয়েছে, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স মঙ্গলবার সকালে বা সোমবার রাতে পাকিস্তানের উদ্দেশে রওনা করেছেন। ভ্যান্সের সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনারও ইসলামাবাদ সফর করবেন বলা জানা গেছে। 

ইরানের পক্ষ থেকে বৈঠকের অনুমোদন দেওয়া হয়েছে বলেও নিশ্চিত করেছে অ্যাক্সিওস। ইরানের প্রতিনিধিদল এই আলোচনায় অংশ নেওয়ার জন্য সোমবার দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনির পক্ষ থেকে অনুমোদন পেয়েছে। তবে ইরান এখনও দ্বিতীয় দফার এই শান্তি আলোচনায় তাদের অংশগ্রহণের বিষয়টি জনসমক্ষে নিশ্চিত করেনি।