Advertisement

পাকিস্তানের ব্রড পিকে তুষারধস, নিখোঁজ ১০ পর্বতারোহী

এশিয়া পোস্ট ডেস্ক
পাকিস্তানের ব্রড পিকে তুষারধস, নিখোঁজ ১০ পর্বতারোহী
১০ জনের দল নিয়ে ব্রড পিক জয়ের উদ্দেশ্যে যান নিমস দাই। ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত

পাকিস্তানের ব্রড পিক পর্বতে ভয়াবহ তুষারধসের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নেপালের খ্যাতিমান পর্বতারোহী নির্মল পুরজাসহ মোট ১০ জন পর্বতারোহী নিখোঁজ হয়েছেন।

ব্রড পিক বিশ্বের কয়েকটি ঝুঁকিপূর্ণ পর্বতের মধ্যে একটি। সমুদ্রপৃষ্ঠ থেকে এই পর্বতের উচ্চতা ২৬ হাজার ৪০১ ফুট, যা বিশ্বের ১২তম সর্বোচ্চ পর্বত।

৪৩ বছর বয়সি পর্বতারোহী নির্মল পুরজা (নিমস দাই) ১০ জনের একটি দল নিয়ে ব্রড পিক জয়ের উদ্দেশ্যে অভিযানে বের হন। বৃহস্পতিবার (৩০ জুলাই) দলটির ওপর হঠাৎ তুষারধস আঘাত হানে। আলপাইন ক্লাব অব পাকিস্তান জানিয়েছে, ঘটনার পর থেকে পর্বতারোহীদের সঙ্গে সব ধরনের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। বর্তমানে তাদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

নিখোঁজ হওয়া দলটি আন্তর্জাতিক পর্বতারোহীদের নিয়ে গঠিত। এই দলে ছিলেন নেপালের ৫ জন, যুক্তরাষ্ট্রের ১ জন, পাকিস্তানের ১ জন, ওমানের ১ জন, চীনের ১ জন এবং আরও ১ জন বিদেশি পর্বতারোহী।

পাকিস্তানের আলপাইন ক্লাব এই খবর পাওয়ার পর বিষয়টি দেশটির প্রশাসন ও সরকারি কর্মকর্তাদের জানিয়েছে। সেখানে দ্রুত উদ্ধার অভিযান শুরু করার ব্যবস্থা করা হচ্ছে। যদি আবহাওয়া ভালো থাকে এবং উদ্ধারকাজের উপযুক্ত পরিবেশ পাওয়া যায়, তবে নিখোঁজদের খুঁজতে দ্রুত হেলিকপ্টার ব্যবহার করে অনুসন্ধান চালানো হবে। আলপাইন ক্লাবের পক্ষ থেকে পর্বতারোহীদের স্বজনদের প্রতি সহানুভূতি জানানো হয়েছে ।

নির্মল পুরজা একসময় ব্রিটিশ রাজকীয় নৌবাহিনীর (রয়েল মেরিন) স্পেশাল ফোর্সের সদস্য ছিলেন। ২০১৯ সালে তিনি মাত্র ৬ মাসের মধ্যে বিশ্বের ৮ হাজার মিটারের চেয়ে উঁচু সবকটি (১৪টি) পর্বতশৃঙ্গ জয় করে বিশ্ব রেকর্ড গড়েছিলেন।

২০২১ সালে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে তার এই ঐতিহাসিক রেকর্ড গড়ার অভিযান নিয়ে একটি জনপ্রিয় তথ্যচিত্র প্রকাশিত হয়, যা তাকে বিশ্বজুড়ে ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা এনে দেয়।

সূত্র:বিবিসি