logo

পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারিত্বের বিরোধিতা করলেন ট্রাম্প

পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারিত্বের বিরোধিতা করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অধিকৃত পশ্চিম তীর ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করার বিরোধিতা করেছেন। সোমবার (৯ ফেব্রুয়ারি)  অ্যাক্সিওসের সংবাদদাতা বারাক রভিদ তার প্রতিবেদনে এ বিষয়টি নিশ্চিত করেন।

হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাত দিয়ে এক্স-এর পোস্টে রভিদ বলেন, একটি স্থিতিশীল পশ্চিম তীর ইসরায়েলকে সুরক্ষিত রাখতে পারে। এ অঞ্চলে শান্তি অর্জনে যুক্তরাষ্ট্রের মনোভাবও তাই। সংঘাতমুক্ত পশ্চিম তীর চায় মার্কিন সরকার।
এর আগেও ট্রাম্প বলেছিলেন, তিনি ইসরায়েলকে অধিকৃত পশ্চিম তীর দখলের অনুমতি দেবেন না।

রোববার ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা পশ্চিম তীরে ইহুদিদের কাছে ফিলিস্তিনিদের জমি বিক্রি, জমির মালিকানার রেকর্ড খোলা এবং হেবরন বসতি ব্লকে ফিলিস্তিনি পৌরসভা থেকে ইসরায়েলের বেসামরিক প্রশাসনের কাছে বিল্ডিং পারমিটের কর্তৃত্ব হস্তান্তর নিষিদ্ধ করে একটি আইন বাতিল করার নির্দেশ দিয়েছে।

গত তিন বছরে ইসরায়েলি সরকার পশ্চিম তীরে প্রায় ৫০,০০০ বসতি নির্মাণের পরিকল্পনা পর্যালোচনা করেছে। এছাড়া যুদ্ধের সময় ফিলিস্তিনিদের ৬০,০০০ দুনাম (১৪,৮২৬ একর) জমি বাজেয়াপ্ত করেছে।

আন্তর্জাতিক বিচার আদালত ২০২৪ সালের জুলাই মাসে এক ঐতিহাসিক রায়ে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখলকে অবৈধ ঘোষণা করে। এছাড়া সংস্থাটি পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমের সব বসতি খালি করার আহ্বান জানায়।