ইসরায়েলি সামরিক স্থাপনায় হিজবুল্লাহর রকেট হামলা, পাল্টা হুঁশিয়ারি

ইসরায়েলি সামরিক স্থাপনায় রকেট হামলা করেছে হিজবুল্লাহ। লেবাননের এ সংগঠনটির দাবি —তারা ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তুতে সাতবার রকেট হামলা চালিয়েছে। এরপরই পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। তিনি লেবাননি ভূখণ্ড দখলের হুমকি দিয়েছেন।
শুক্রবার (১৩ মার্চ) এ সংবাদ প্রকাশ করেছে আলজাজিরা।
হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে, তারা দক্ষিণ লেবানন এবং ইসরায়েলের উত্তরাঞ্চলে অবস্থিত ইসরায়েলি সামরিক স্থাপনায় হামলা করেছে। এ সময় লেবাননের এ সংগঠনটি এসব এলাকায় সাতবার সামরিক অভিযান চালায়।
বিবৃতিতে আরও বলা হয়, লেবাননের বিভিন্ন শহর এবং বৈরুতের দক্ষিণ শহরতলিতে ইসরায়েলি আগ্রাসনের পাল্টা প্রতিক্রিয়ায় এসব আক্রমণ করা হয়।
সীমান্তবর্তী শহর মারকাবার বিপরীতে আল-মার্জ অঞ্চল, খিয়াম আটক কেন্দ্রের কাছে, খাল্লাত আল-আসাফির এলাকা, এল-হামামেস পাহাড় ও উত্তর ইসরায়েলের কফার গিলাদি বসতি এলাকায় অবস্থিত ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা করেছে হিজবুল্লাহ ।
অপরদিকে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ লেবানন সরকারের প্রতি তার হুমকি পুনর্ব্যক্ত করেছেন। এবার তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, লেবাননের সরকার হিজবুল্লাহকে নিরস্ত্র না করলে ইসরায়েল দেশটির বেসামরিক অবকাঠামোসহ বিভিন্ন অঞ্চলে হামলা করবে। এছাড়া লেবাননি ভূখণ্ড দখল করে নিবে।
আজ সকালে লেবাননের লিতানি নদীর ওপর জারিয়েহ সেতুতে ইসরায়েলি সামরিক হামলার পর বক্তব্য রাখতে গিয়ে কাটজ বলেন, এটি কেবল শুরু। লেবাননে আরও সামরিক অভিযান চালানো হবে।