logo

৫ দেশে কর্মীদের স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব গুগলের

৫ দেশে কর্মীদের স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব গুগলের
গুগল। ছবি: রয়টার্স

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিপুল বিনিয়েগের কারণে ক্রমবর্ধমান ব্যয় সামাল দিতে কর্মীদের স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব দিয়েছে গুগল। চলতি বছরের জুনে কানাডা, ফ্রান্স, জার্মানি, জাপান ও সুইজারল্যান্ডের কর্মীদের জন্য এ সুযোগ চালু করেছে প্রতিষ্ঠানটি। তবে কতজন কর্মী এ প্রস্তাব গ্রহণ করেছেন, তা জানা যায়নি।

বুধবার (৪ নভেম্বর) মার্কিন বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানটির বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, মাইক্রোসফটের পর এবার কর্মীদের স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব দিয়েছে গুগল। ইচ্ছুক কর্মীদের জন্য ঘোষণা করা হয়েছে বিশেষ আর্থিক সুবিধা বা ‘সেভারেন্স প্যাকেজ’-এরও। জুন মাসে চালু হওয়া এই স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব কানাডা, ফ্রান্স, জার্মানি, জাপান ও সুইজারল্যান্ডের কর্মীদের জন্য প্রযোজ্য।

গুগলের একজন মুখপাত্র রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ‘২০২৫ সালে আমাদের কয়েকটি দল ক্ষতিপূরণসহ স্বেচ্ছায় চাকরি ছাড়ার কর্মসূচি চালু করে। গত গ্রীষ্মে, জুন মাসে, আমাদের গুরুত্বপূর্ণ কাজগুলো এগিয়ে নিতে কয়েকটি দেশে বিশ্বব্যাপী এ কর্মসূচি সম্প্রসারণ করা হয়।’

এআই খাতে ব্যয় দ্রুত বাড়ার মধ্যেই গুগলের এ উদ্যোগ সামনে এল। প্রযুক্তি খাতে এআইয়ের পেছনে বিপুল বিনিয়োগ নিয়ে উদ্বিগ্ন ওয়াল স্ট্রিট। এর প্রভাব পড়েছে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের শেয়ারের দামেও। একই সময়ে ব্যয় নিয়ন্ত্রণের উদ্যোগ হিসেবে গত সপ্তাহে মাইক্রোসফটও ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব দিয়েছে।

সাম্প্রতিক প্রান্তিকগুলোতে অ্যালফাবেটের কর্মীসংখ্যা ধারাবাহিকভাবে বেড়েছে। তবে প্রতিষ্ঠানটি এখন অগ্রাধিকার পাওয়া খাতগুলোতে সম্পদ ও জনবল স্থানান্তরের চেষ্টা করছে।

সর্বশেষ এই কর্মসূচি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের কয়েকটি বিভাগের কর্মীদের জন্য ২০২৫ সাল থেকে চালু থাকা স্বেচ্ছায় চাকরি ছাড়ার কর্মসূচিরই সম্প্রসারিত রূপ। গুগল কর্মকর্তারা একে এমন কর্মীদের জন্য বিকল্প হিসেবে বর্ণনা করেছেন, যারা প্রতিষ্ঠানটির কাজের গতি কিংবা ভবিষ্যত পরিকল্পনার সঙ্গে আর নিজেদের একাত্ম মনে করছেন না।

কিছু ক্ষেত্রে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব দেওয়ার পরও কর্মী ছাঁটাই করেছে গুগল। অন্তত একটি বিভাগে এমন ঘটনা ঘটেছে।

গুগলের প্রধান আর্থিক কর্মকর্তা আনাত আশকেনাজি ত্রৈমাসিক আয় প্রকাশের সময় বারবার বলেছেন, এআই ও ক্লাউড কম্পিউটিং খাতে নিয়োগ প্রতিষ্ঠানটির প্রধান অগ্রাধিকার। অতীতে গুগল ক্লাউড এবং এআই ইউনিট ডিপমাইন্ডের কর্মীদের স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাবের বাইরে রাখা হয়েছিল। সর্বশেষ সম্প্রসারণেও একই নীতি অনুসরণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সৈয়দ মুহাম্মদ আজম

সম্পাদনা

সৈয়দ মুহাম্মদ আজম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট