logo

আবারও ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আবারও ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে গত সপ্তাহের শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ক্ষতিগ্রস্ত একটি ভবন। ছবি: সংগৃহীত

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপে ৬ দশমিক ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

তবে সোমবার (১৫ জুন) আঘাত হানা এই ভূকম্পনে নতুন করে কোনো ক্ষয়ক্ষতি বা সুনামি সতর্ককতার আশঙ্কা নেই বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় ভূকম্পন সংস্থা।

সোমবারের এই ভূমিকম্পটি মূলত ফিলিপাইন ট্রেঞ্চ বরাবর উৎপত্তি হয়েছে বলে জানিয়েছেন ফিভোলকসের পরিচালক তেরেসিতো বাকোলকল।

স্থানীয় একটি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেন, গত ৮ জুনের মিন্দানাওতে আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার প্রলয়ংকরী ভূমিকম্পের সঙ্গে এর কোনো সংযোগ নেই। দুটি ভূকম্পনের কেন্দ্রস্থলের দূরত্ব ২৫০ কিলোমিটারেরও বেশি।

রাষ্ট্রীয় ভূকম্পন সংস্থা ফিভোলকস জানায়, সোমবারের ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল দাভাও ওরিয়েন্টাল প্রদেশের গভর্নর জেনেরোসো শহর থেকে ১৬৪ কিলোমিটার (১০২ মাইল) দক্ষিণ-পূর্বে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৮৬ কিলোমিটার।

এদিকে দেশটির বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, গত সপ্তাহের ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পটিতে মৃতের সংখ্যা বেড়ে ৬৫ জনে দাঁড়িয়েছে।

নিখোঁজ হওয়া ৩৬ জনের সন্ধানে এখনও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। প্রশান্ত মহাসাগরের ‘অগ্নিবলয়’ বা ‘রিং অব ফায়ার’-এ অবস্থানের কারণে ফিলিপাইনে প্রায়ই এমন ভূমিকম্প ও আগ্নেয়গিরির তৎপরতা দেখা যায়।

সূত্র: রয়টার্স