পাকিস্তানের সেনা ক্যাম্পে আফগানিস্তানের ড্রোন হামলা

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মিরানশাহ ও স্পিনওয়াম এলাকায় সামরিক ক্যাম্পে ড্রোন হামলা চালিয়েছে আফগানিস্তানের তালেবানরা।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) আফগান গণমাধ্যম টোলো নিউজের বরাতে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।
খবরে বলা হয়েছে, গত বৃহস্পতিবার রাতে পাকিস্তান বিমানবাহিনীর হামলার পাল্টা জবাব হিসেবে তালেবান সরকার এ অভিযান চালায়।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে টোলো নিউজ জানায়, ড্রোন হামলার পর স্পিনওয়াম সেনা ঘাঁটিতে অগ্নিকাণ্ড ঘটে।
এদিকে পাকিস্তানের দাবি, সীমান্তে অবস্থিত একাধিক তালেবান ক্যাম্প ধ্বংস করেছে তাদের সেনাবাহিনী। এর মধ্যে রয়েছে আজম ওয়ারসাক সেক্টরের শাগা পোস্টও।
জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, তালেবান সরকারের বিনা উসকানিতে আগ্রাসন চালানোর বিরুদ্ধে মিরানশাহের কাছে আফগান ক্যাম্প ধ্বংস করে এর জবাব দেওয়া হচ্ছে।
এর আগে, গত বৃহস্পতিবার রাতে পাকিস্তান বিমানবাহিনী আফগান সীমান্তে হামলা চালায়। তালেবান কর্তৃপক্ষের দাবি, এই ড্রোন হামলা ছিল সেই ঘটনারই প্রতিশোধ। তবে এ ঘটনায় পাকিস্তানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।