ইয়েমেন থেকে প্রথম ক্ষেপণাস্ত্র হামলার কথা জানাল ইসরায়েল

ইয়েমেন থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্তের কথা জানিয়েছে ইসরায়েল।
শনিবার (২৮ মার্চ) তেল আবিববভিত্তিক সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েলের খবরে জানানো হয়, ভোরে ইয়েমেনের দিক থেকে আসা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের কারণে দক্ষিণ ইসরায়েলের বিরশেবা ও এর আশপাশের শহরগুলোতে সতর্ক সংকেত বেজে উঠেছে।
গার্ডিয়ানের খবর জানাচ্ছে, চলমান যুদ্ধে ইসরায়েলের ওপর ইরান সমর্থিত হুথিদের পক্ষ থেকে এটিই প্রথম হামলা। ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনাটি নিশ্চিত করে জানিয়েছে যে, তারা হুমকি মোকাবিলায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রেখেছে।
ইরানের সঙ্গে চলমান যুদ্ধ দ্বিতীয় মাসে পদার্পণ করার পর ইয়েমেন থেকে কোনো হামলার বিষয়ে এটিই ইসরায়েলের প্রথম আনুষ্ঠানিক বিবৃতি। এই হামলার ঘটনা এমন সময়ে ঘটল, যখন ইরান শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত পাঁচ ঘণ্টার ব্যবধানে তেল আবিবে অন্তত পাঁচ দফা বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
ইরানের এই হামলার রেশ কাটতে না কাটতেই তাদের মিত্র হুথি গোষ্ঠীও সরাসরি যুদ্ধে যোগ দেওয়ার হুমকি দিয়ে এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি ছুড়ল।
ইয়েমেনভিত্তিক একটি সশস্ত্র গোষ্ঠী হুথি যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইহুদিদের বিরোধী একটি মিলিশিয়া। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর লোহিত সাগরের বাণিজ্যিক জাহাজ এবং ইসরায়েলে নিয়মিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে হুথিরা। পরে ২০২৫ সালের অক্টোবরে হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি হওয়ার পর থেকে তারা হামলা বন্ধ করে। দীর্ঘ বিরতির পর আবারও সরাসরি ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে হামলা চালানোর মাধ্যমে গোষ্ঠীটি এই যুদ্ধে নিজেদের সক্রিয় অংশগ্রহণের ইঙ্গিত দিল।