বুদ্ধিজীবী কমিউনিস্টরা সমাজবিরোধী, ওদের মাথায় ডিম ভাঙুন: বিজেপি মন্ত্রী

এশিয়া পোস্ট নিউজ, কলকাতা
বুদ্ধিজীবী কমিউনিস্টরা সমাজবিরোধী, ওদের মাথায় ডিম ভাঙুন: বিজেপি মন্ত্রী
পশ্চিমবঙ্গের বিজেপি নেতা ও মন্ত্রী দিলীপ ঘোষ। ছবি: ভিডিও থেকে নেওয়া

ভারতের পশ্চিমবঙ্গে ডিম নিক্ষেপের ঘটনাকে কেন্দ্র করে বিতর্কের মধ্যেই বিজেপি নেতা ও রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ দলীয় কর্মীদের উদ্দেশে বিতর্কিত মন্তব্য করেছেন। বিজেপির শীর্ষ একাংশ যখন ডিম নিক্ষেপের বিরোধে অবস্থান নিয়েছেন, ঠিক সেসময়ই তিনি ডিম ছোড়ার স্বপক্ষে যুক্তি দাঁড় করলেন। তিনি বলেন, ‘বুদ্ধিজীবী ও কমিউনিস্টরা সমাজবিরোধী। ওদের মাথায় ডিম ভাঙুন।’

বৃহস্পতিবার (৯ জুলাই) কলকাতার ইকো পার্কে প্রাতঃভ্রমণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বারুইপুরে এক কিশোরীকে ধর্ষণ ও হত্যার মামলার প্রধান অভিযুক্তকে ‘এনকাউন্টার’-এ হত্যার ঘটনাকে সমর্থন করেন দিলীপ ঘোষ।

এরপর তিনি বলেন, ‘যারা এনকাউন্টারের বিরোধিতা করছেন, তারা সমাজবিরোধী। সমাজে অপরাধ বাড়ার পেছনে কমিউনিস্ট ও তথাকথিত বুদ্ধিজীবীদের ভূমিকা রয়েছে। অপরাধ হলে তারা আন্দোলন করেন, আবার অপরাধীর শাস্তি হলেও তার বিরোধিতা করেন।’

এ সময় দলীয় কর্মীদের উদ্দেশে দিলীপ ঘোষ বলেন, ‘ডিম যেখানে সেখানে মেরে অপচয় করবেন না। বরং এই সব বুদ্ধিজীবীদের মাথায় ডিম ভাঙুন। ওদের বুঝিয়ে দিন। অপরাধী এবং অপরাধীর পক্ষ নেওয়া এসম মানুষকে সমান ট্রিটমেন্ট দিন।’

পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের পর বিভিন্ন স্থানে রাজনৈতিক নেতা ও বিশিষ্ট ব্যক্তিদের লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ নিয়ে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য একাধিকবার দলীয় কর্মীদের সতর্ক করে বলেছেন, এ ধরনের সংস্কৃতিকে দল সমর্থন করে না।