logo

আফগানিস্তানের বিরুদ্ধে ‘যুদ্ধ ঘোষণা’ পাকিস্তানের

আফগানিস্তানের বিরুদ্ধে  ‘যুদ্ধ ঘোষণা’ পাকিস্তানের

আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে পাকিস্তান। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এ সংবাদ প্রকাশ করেছে আল-জাজিরা।

সামাজিকমাধ্যম এক্সে এক পোস্টে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা এম আসিফ তালেবান সরকারের বিরুদ্ধে এ যুদ্ধ ঘোষণার কথা উল্লেখ করেন।

সীমান্ত সংঘাতের পর পাকিস্তান সেনাবাহিনী আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে বিমান হামলা শুরু করে। প্রধান প্রধান আফগান শহরগুলোতে হামলার পর পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী এ যুদ্ধ ঘোষণা করেছেন।

পোস্টে খাজা এম আসিফ আরও লেখেন, পাকিস্তান সরাসরি এবং বন্ধুত্বপূর্ণ দেশগুলোর মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে। আমরা পূর্ণাঙ্গ কূটনৈতিক কার্যক্রম চালিয়েছি। কিন্তু এবার আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। এবার আমাদের এবং আপনাদের (আফগান সরকার) মধ্যে পূর্ণাঙ্গ যুদ্ধ হবে।

এর আগে একাধিক মারাত্মক সংঘর্ষের পর অক্টোবরে পাকিস্তান ও আফগানিস্তান একটি ভঙ্গুর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। এরপর আবারও তাদের মধ্যে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হলো।

শুক্রবার ভোরে আফগানিস্তানের কাবুল, কান্দাহার ও পাকতিকায় হামলা চালিয়েছে পাকিস্তান। আর আফগানিস্তানের তালেবান জানিয়েছে, তারা যৌথ সীমান্তে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে নতুন করে হামলা চালিয়ে জবাব দিয়েছে।

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি শুক্রবার সকালে সামাজিক মাধ্যম এক্স-এ তিনি লিখেছেন, ‘আমাদের সশস্ত্র বাহিনীর জবাব ছিল সর্বাত্মক ও দৃঢ়।’

‘যারা আমাদের শান্তিকে দুর্বলতা মনে করে ভুল করবে, তারা শক্ত জবাব পাবে — এবং কেউই আমাদের নাগালের বাইরে থাকবে না’ বলা হয় সে পোস্টে।

সাবেক আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই কাবুল, কান্দাহার ও পাকতিয়া প্রদেশে পাকিস্তানের সবশেষ হামলার নিন্দা জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে তিনি বলেন, ‘আফগানরা পূর্ণ ঐক্যের মাধ্যমে নিজেদের ভূখণ্ড রক্ষা করবে এবং সাহসের সঙ্গে আগ্রাসনের জবাব দেবে।’