যুক্তরাষ্ট্রে কাসেম সোলেইমানির ভাগনি ও নাতনি গ্রেপ্তার

প্রয়াত ইরানি সামরিক কমান্ডার কাসেম সোলেইমানির পরিবারের সদস্যদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে মার্কিন প্রশাসন। কাসেম সোলেইমানির ভাগনি হামিদেহ সোলেইমানি আফশার এবং তার মেয়েকে (সোলেইমানির নাতনি) গ্রেপ্তার করেছে দেশটির ফেডারেল এজেন্টরা।
শনিবার (৪ এপ্রিল) মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও হামিদেহ সোলেইমানি আফশার এবং তার মেয়ের স্থায়ীভাবে বসবাসের বৈধ অনুমতি (গ্রিন কার্ড) বাতিল করেছে। এর পরপর তাদের হেফাজতে নেওয়া হয়। বর্তমানে তারা মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) তত্ত্বাবধানে রয়েছেন।
বিবৃতিতে বলা হয়, হামিদেহ সোলেইমানি আফশার এবং তার মেয়ে এখন মার্কিন অভিবাসন কর্তৃপক্ষের হেফাজতে আছেন। তবে কী কারণে হঠাৎ করে তাদের গ্রিন কার্ড বাতিল করা হলো, সে বিষয়ে বিস্তারিত কোনো ব্যাখ্যা ওই বিবৃতিতে দেওয়া হয়নি।
২০২০ সালের ৩ জানুয়ারি ইরানের মেজর জেনারেল কাসেম সোলেইমানি ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ড্রোন হামলায় নিহত হন। তিনি ইরাকি প্রধানমন্ত্রী আদিল আবদুল-মাহদির সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) কুদস ফোর্সের কমান্ডার ছিলেন সোলেইমানি।