logo

পাকিস্তানে সব মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট বাতিল

পাকিস্তানে সব মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট বাতিল

পাকিস্তানের বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কথা উল্লেখ করে দেশটিতে সব ধরনের ভিসা অ্যাপয়েন্টমেন্ট বাতিল করেছে যুক্তরাষ্ট্র।

ইসলামাবাদে অবস্থিত মার্কিন দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই সিদ্ধান্ত শুধু রাজধানীর দূতাবাসেই নয়, লাহোর ও করাচিতে অবস্থিত কনস্যুলেটগুলোর ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী শুক্রবার (৬ মার্চ) পর্যন্ত সব ভিসা সাক্ষাৎকার ও অ্যাপয়েন্টমেন্ট স্থগিত থাকবে।

রোববার করাচির মার্কিন কনস্যুলেটে বিক্ষোভকারীরা হামলা চালানোর সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ১০ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়ে করাচিতে এই সহিংসতার ঘটনা ঘটে।

বিক্ষোভকারীদের ওপর গুলি চালায় মার্কিন সেনা

পাকিস্তানের করাচিতে অবস্থিত মার্কিন কনস্যুলেটে হামলার সময় বিক্ষোভকারীদের ওপর গুলি চালিয়েছে মার্কিন মেরিন সেনারা— এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্স দুইজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানায়, রোববার কনস্যুলেটে হামলার সময় মার্কিন মেরিন সদস্যরা গুলি চালান। এটাই প্রথমবারের মতো নিশ্চিত হওয়া তথ্য যে, ঘটনায় মেরিন সদস্যরা সরাসরি জড়িত ছিলেন।

তবে ওই কর্মকর্তারা জানিয়েছেন, মেরিনদের ছোড়া গুলি কারও গায়ে লেগেছে কি না বা কেউ নিহত হয়েছেন কি না— তা স্পষ্ট নয়। এ ছাড়া কনস্যুলেটের নিরাপত্তায় নিয়োজিত বেসরকারি নিরাপত্তাকর্মী বা স্থানীয় পুলিশও গুলি চালিয়েছিল কি না, সে বিষয়েও তারা নিশ্চিত নন।

এর আগে, বিক্ষোভকারীরা কনস্যুলেটের বাইরের প্রাচীর ভেঙে ভেতরে ঢুকে পড়লে সংঘর্ষ বাধে। ওই ঘটনায় অন্তত ১০ জন নিহত হন।

প্রাদেশিক সরকারের মুখপাত্র সুখদেব আসারদাস হেমনানি বলেন, ‘নিরাপত্তা বাহিনীর সদস্যরা’ গুলি চালিয়েছেন। তবে তারা কোন বাহিনীর— সে বিষয়ে তিনি নির্দিষ্ট করে কিছু জানাননি।