শিখ নেতা হত্যার ষড়যন্ত্র, যুক্তরাষ্ট্রে ভারতীয় নাগরিকের ১৯ বছরের কারাদণ্ড

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা গুরপতওয়ান্ত সিং পান্নুনকে হত্যার ষড়যন্ত্রের দায়ে ভারতীয় নাগরিক নিখিল গুপ্তকে ১৯ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। ভারতীয় এক সরকারি কর্মকর্তার সঙ্গে যোগসাজশে হত্যার পরিকল্পনা করার কথা স্বীকার করার পর শুক্রবার (২০ নভেম্বর) ম্যানহাটনের ফেডারেল আদালত এ রায় দেন।
৫৫ বছর বয়সী নিখিল গুপ্ত গত ফেব্রুয়ারিতে ভাড়াটে খুনি নিয়োগ, হত্যার ষড়যন্ত্র এবং অর্থ পাচারের ষড়যন্ত্রের অভিযোগে নিজের দোষ স্বীকার করেন। যুক্তরাষ্ট্রের জেলা আদালতের বিচারক ভিক্টর মাররো তাকে ২৩৫ মাসের কারাদণ্ড দেন।
মার্কিন প্রসিকিউটরদের অভিযোগ, ভারতের সরকারি কর্মকর্তা বিকাশ যাদবের সঙ্গে মিলে পান্নুনকে হত্যার পরিকল্পনা করেছিলেন গুপ্ত। এ ঘটনায় যুক্তরাষ্ট্র ও কানাডার কর্তৃপক্ষ ভারতীয় ভিন্নমতাবলম্বীদের লক্ষ্য করে পরিচালিত বৃহত্তর ষড়যন্ত্রের অভিযোগও তুলেছে।
আদালতের নথি অনুযায়ী, নিখিল গুপ্ত ও বিকাশ যাদব কথিত এক ভাড়াটে খুনিকে ১৫ হাজার ডলার দেওয়ার ব্যবস্থা করেছিলেন। তবে ওই ব্যক্তি প্রকৃতপক্ষে যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন ছদ্মবেশী কর্মকর্তা ছিলেন।
মার্কিন প্রসিকিউটরদের দাবি, নিউইয়র্কে অবস্থানরত পান্নুনকে হত্যার জন্য এই অর্থ দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। তবে মার্কিন গোয়েন্দা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় পরিকল্পনাটি ব্যর্থ হয়।
এ মামলায় বিকাশ যাদবের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে। তবে তিনি এখনো যুক্তরাষ্ট্রের হেফাজতে নেই। তার পক্ষে কোনো আইনজীবী নিয়োগ করা হয়েছে কি না, তা জানা যায়নি।
আদালতে অনুশোচনা প্রকাশ গুপ্তের
শুক্রবার আদালতে নিজের বক্তব্যে অনুশোচনা প্রকাশ করেন নিখিল গুপ্ত। তিনি বলেন, ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতা মহাত্মা গান্ধীর অহিংস আদর্শ থেকে বিচ্যুত হওয়া তার ভুল ছিল।
আদালতে গুপ্ত বলেন, ‘আমি মি. পান্নুনের কাছে ক্ষমা চাইছি। যেসব সম্প্রদায়ের ক্ষতি করেছি, তাদের কাছে ক্ষমা চাইছি। নিজের পরিবারের কাছেও ক্ষমা চাইছি।’
অন্যদিকে, ম্যানহাটনের মার্কিন অ্যাটর্নি কার্যালয়ের প্রসিকিউটর অ্যাশলি নিকোলাস বলেন, ‘এই মামলাটি আমেরিকান মূল্যবোধের একেবারে কেন্দ্রবিন্দুকে স্পর্শ করে।’
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রে কারও কণ্ঠস্বর স্তব্ধ করতে সহিংসতা ব্যবহার করার বিষয়টি কখনোই মেনে নেওয়া হবে না।
প্রসিকিউটররা গুপ্তের জন্য প্রায় ২৪ বছরের কারাদণ্ডের সুপারিশ করেছিলেন। তবে আদালত তাকে ২৩৫ মাসের সাজা দেন।
বিচারিক পদক্ষেপে কৃতজ্ঞতা পান্নুনের
মামলার ভুক্তভোগী গুরপতওয়ান্ত সিং পান্নুন আদালতে যুক্তরাষ্ট্রের বিচারিক পদক্ষেপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, শিখ জনগোষ্ঠীর আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং তার মাতৃভূমি পাঞ্জাবের স্বাধীনতার দাবিতে আন্দোলন চালিয়ে যাবেন।
পান্নুন যুক্তরাষ্ট্র ও কানাডার দ্বৈত নাগরিক। তিনি নিউইয়র্কভিত্তিক শিখ অধিকারবিষয়ক সংগঠন ‘শিখস ফর জাস্টিস’-এর আইনজীবী। ভারতের উত্তরাঞ্চলে স্বাধীন শিখ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে তিনি দীর্ঘদিন ধরে প্রচার চালিয়ে আসছেন।
ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্কে নতুন করে চাপ
পান্নুনকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ যুক্তরাষ্ট্র ও কানাডার সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্কে নতুন চাপ তৈরি করেছে।
মার্কিন ও কানাডীয় কর্তৃপক্ষের অভিযোগ, বিদেশে অবস্থানরত শিখ বিচ্ছিন্নতাবাদী নেতাদের লক্ষ্য করে বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে হত্যার ষড়যন্ত্র পরিচালিত হয়েছিল।
তবে ভারত সরকার পান্নুনকে হত্যার পরিকল্পনায় রাষ্ট্রীয় সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেছে। নয়াদিল্লির বক্তব্য, এ ধরনের কর্মকাণ্ড ভারতের সরকারি নীতির পরিপন্থী।
এই মামলার রায় আন্তর্জাতিক অঙ্গনে বিদেশে অবস্থানরত ভিন্নমতাবলম্বীদের নিরাপত্তা, রাষ্ট্রীয় গোয়েন্দা তৎপরতা এবং আন্তর্জাতিক আইনের প্রয়োগ নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে।
সূত্র: রয়টার্স।


