নোবেলজয়ী নার্গিস মোহাম্মদির আরও সাড়ে ৭ বছরের কারাদণ্ড

শান্তিতে নোবেলজয়ী মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদিকে (৫৩) আরও সাড়ে ৭ বছরের বেশি কারাদণ্ড দিয়েছে ইরানের একটি আদালত।
রোববার (৮ ফেব্রুয়ারি) তার আইনজীবী মোস্তফা নিলি এ তথ্য নিশ্চিত করেছেন। খবর আল-জাজিরার।
নার্গিস ফাউন্ডেশন এক বিবৃতিতে জানিয়েছে, নার্গিস মোহাম্মদি প্রায় সপ্তাহব্যাপী অনশন ধর্মঘট করছিলেন। গতকাল তা শেষ হয়েছে। এদিন কারাগার থেকে টেলিফোনে তার আইনজীবীকে জানান, শনিবার নতুন করে তাকে সাজা দেওয়া হয়েছে।
এএফপির প্রতিবেদনে বলা হয়, অপরাধ করার উদ্দেশ্যে জড়ো হওয়া ও এতে যোগসাজশের অভিযোগে নার্গিস মোহাম্মাদিকে ৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ২ বছরের দেশত্যাগের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তার ওপর। এ ছাড়া রাষ্ট্রবিরোধী অপপ্রচারের অভিযোগে নার্গিস মোহাম্মাদিকে দেড় বছরের কারাদণ্ড দেওয়া হয়।
দীর্ঘদিন ধরে ইরানে মৃত্যুদণ্ড ও নারীদের জন্য বাধ্যতামূলক পোশাক নীতির বিরুদ্ধে সোচ্চার অবস্থানের কারণে গত ২৫ বছর ধরে বারবার বিচার ও কারাবরণের মুখে পড়েছেন নার্গিস মোহাম্মাদি। গত এক দশকের অধিকাংশ সময় তিনি কারাগারেই কাটিয়েছেন।
মানবাধিকার রক্ষায় বিশেষ করে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে দৃঢ় অবস্থানের স্বীকৃতি হিসেবে ২০২৩ সালে নার্গিস মোহাম্মাদিকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়। এর আগে গণতন্ত্র, নারী, শিশু ও শরণার্থীদের অধিকার রক্ষায় অসামান্য অবদানের জন্য ২০০৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন ইরানি নারী শিরিন এবাদি।