ইরানে অ্যাসিড বৃষ্টির আশঙ্কা

ইসরায়েলের হামলায় তেহরানের জ্বালানি মজুতের ট্যাংকগুলো প্রায় দশ ঘণ্টা পার হয়ে আজ রোববার সকাল হওয়ার পরও এখনও আগুনে জ্বলছে। তেহরানের আকাশে বিশাল একটি অংশ কালো ধোঁয়ায় ঢেকে রয়েছে।
রোববার (৮ মার্চ) ইরানের রেড ক্রিসেন্ট এই আগুনের কারণে অ্যাসিড বৃষ্টি হওয়ার আশঙ্কায় সতর্ক করেছে। সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
দূষণের প্রেক্ষিতে পরিবেশ সুরক্ষা সংস্থার পক্ষ থেকে নাগরিকদের অনুরোধ করা হয়েছে, যেন তারা খোলা জায়গায় যাওয়া থেকে বিরত থাকেন এবং যতটা সম্ভব বাড়িতে অবস্থান করেন।
রেড ক্রিসেন্টের বিবৃতিতে বলা হয়েছে, তেলের গুদামে বিস্ফোরণের ফলে বিপুল পরিমাণ বিষাক্ত হাইড্রোকার্বন, সালফার ও নাইট্রোজেন অক্সাইড বায়ুমণ্ডলে ও মেঘের মধ্যে প্রবেশ করে। ফলে বৃষ্টি হলে সেই বৃষ্টি অত্যন্ত বিপজ্জনক হয় এবং তাতে অ্যাসিডের বৈশিষ্ট্য থাকতে পারে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, এর ফলে ত্বকে রাসায়নিক প্রভাব বা জ্বালাপোড়া সৃষ্টি হতে পারে এবং ফুসফুসের গুরুতর ক্ষতি হতে পারে।
তারা নাগরিকদের অনুরোধ করেছে, যদি এই বৃষ্টি ত্বকের সংস্পর্শে আসে, তবে কোনোভাবেই সেই জায়গা ঘষবেন না। শুধু টানা ঠান্ডা পানির মধ্যে ধরে রেখে ধুয়ে ফেলবেন। এই বৃষ্টিতে ভিজে যাওয়া কাপড় সঙ্গে সঙ্গে বদলে ফেলুন এবং সেগুলো একটি বন্ধ ব্যাগে রেখে দিন।
শনিবার (৭ মার্চ) রাতে ইরানের জ্বালানি সংরক্ষণাগারে হামলা করেছে ইসরায়েলের সেনাবাহিনী। হামলা চালানো এসব সংরক্ষণাগারের মালিক ইরানের রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
একই দিনে লেবাননের রাজধানী বৈরুতের একটি হোটেলে ইসরায়েলি হামলায় অন্তত চারজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়কে উদ্ধৃত করে সংবাদমাধ্যম আলজাজিরা এই তথ্য জানিয়েছে।