এবার ইসরায়েল থেকে আসা বিমানে বোমা হামলার হুমকি

লন্ডন থেকে আসা বিমানের পর এবার ইসরায়েল থেকে উড্ডয়ন করা একটি যাত্রীবাহী বিমানে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। ইমেইলে হুমকি পাওয়ার পর বিমানটি জরুরি ভিত্তিতে বুলগেরিয়ার সোফিয়া বিমানবন্দরে অবতরণ করে।
মঙ্গলবার (৩ নভেম্বর) বুলগেরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মহাসচিব লিউবোমির নিকোলোভের বিবৃতির বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট।
বুলগেরিয়ান ন্যাশনাল রেডিওর (বিএনআর) বরাতে আনাদোলু এজেন্সি জানিয়েছে, ইমেইলে হুমকি পাওয়ার পর মঙ্গলবার ইসরায়েল থেকে আসা বিমানটি সোফিয়া বিমানবন্দরে জরুরি অবতরণ করে।
তবে প্রাথমিকভাবে বিমান সংস্থা, ফ্লাইটের বিবরণ, যাত্রীর সংখ্যা কিংবা বিমানটির সুনির্দিষ্ট গন্তব্য প্রকাশ করেনি কর্তৃপক্ষ। ইমেইলে পাঠানো হুমকির বিষয়বস্তুও জনসমক্ষে জানানো হয়নি। হুমকিতে সম্ভাব্য কোনো বিস্ফোরক যন্ত্রের কথা বলা হয়েছিল কি না, তা-ও তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি।
ঘটনা ও এ-সংক্রান্ত নিরাপত্তাব্যবস্থা নিয়ে বুলগেরিয়ার কর্তৃপক্ষের কাছ থেকে আরও বিস্তারিত তথ্য পাওয়ার অপেক্ষা করা হচ্ছে বলে জানায় জেরুজালেম পোস্ট।
এর আগে সোমবার বোমা হামলার হুমকির কারণে লন্ডন থেকে সোফিয়াগামী উইজ এয়ারের একটি ফ্লাইট বুদাপেস্টে ঘুরিয়ে নেওয়া হয়। পরে তল্লাশি চালিয়ে কোনো বিস্ফোরক যন্ত্র পাওয়া যায়নি। এরপর বিমানটি আবার বুলগেরিয়ার উদ্দেশে যাত্রা করে।
গত ১৮ অক্টোবরও বোমা হামলার হুমকির কারণে তেল আবিব থেকে ভিয়েনাগামী অস্ট্রিয়ান এয়ারলাইনসের একটি ফ্লাইট সোফিয়ায় অবতরণ করে। এ সময় বুলগেরিয়ার মিগ-২৯ যুদ্ধবিমান বিমানটিকে পাহারা দিয়ে নিয়ে আসে। নিরাপত্তা তল্লাশিতে কোনো হুমকি পাওয়া না যাওয়ায় পরে বিমানটি ভিয়েনার উদ্দেশে যাত্রা অব্যাহত রাখে।
এ ছাড়াও মঙ্গলবার লন্ডন থেকে ছেড়ে আসা পোল্যান্ডগামী একটি যাত্রীবাহী বিমানে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনার পর ১৮১ জন যাত্রী নিয়ে বিমানটি ওয়ারশর শোপেন আন্তর্জাতিক বিমানবন্দরের পরিবর্তে মডলিন বিমানবন্দরে অবতরণ করে। নিরাপত্তার কারণে পোল্যান্ডের সবচেয়ে ব্যস্ততম শোপেন বিমানবন্দরে সাময়িকভাবে বিমান চলাচল স্থগিত রাখা হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম মেট্রোর প্রতিবেদনে বলা হয়েছে, বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ মডেলের বিমানটি সকাল ৬টা ৩০ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ওয়ারশর শোপেন বিমানবন্দরের উদ্দেশে উড্ডয়ন করে। তবে ‘বিমানে বিস্ফোরক ডিভাইস থাকার তথ্যের কারণে’ সকাল ৯টা ৫৪ মিনিটে ফ্লাইটটির রুট পরিবর্তন করা হয় বলে বিবৃতিতে জানিয়েছে মডলিন বিমানবন্দর কর্তৃপক্ষ।
(2)-6182f1.jpg)


