Advertisement

ভর্তি পরীক্ষায় প্রত্যাশিত ফল না আসায় ভারতে আরও এক শিক্ষার্থীর আত্মহত্যা

এশিয়া পোস্ট ডেস্ক
ভর্তি পরীক্ষায় প্রত্যাশিত ফল না আসায় ভারতে আরও এক শিক্ষার্থীর আত্মহত্যা
অংকিতা সাংগলে। ছবি: সংগৃহীত

ভারতে মেডিকেলের ভর্তি পরীক্ষা নিটে প্রত্যাশিত ফলাফল না পেয়ে মহারাষ্ট্রে অংকিতা সাংগলে নামে আরও এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। দেশটির মেডিকেল প্রবেশিকা পরীক্ষায় কম নম্বর পেয়ে মানসিক চাপে তিনি এই পথ বেছে নেন।

রোববার (২৭ জুলাই) সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের অহি ল্যানগর জেলার জালালপুর গ্রামে। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে নিজ বাড়ি থেকে অংকিতার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা জানান, নিট পরীক্ষায় মাত্র ১৬৬ নম্বর পাওয়ার পর থেকে তিনি প্রচণ্ড মানসিক দুশ্চিন্তায় ভুগছিলেন।

মরদেহের পাশ থেকে পুলিশ মারাঠি ভাষায় লেখা একটি চিঠি (সুইসাইড নোট) উদ্ধার করেছে। অত্যন্ত আকুল ও আবেগঘন ভাষায় লেখা সেই চিরকুটে অংকিতা লেখেন, ‘তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছ, কিন্তু আমি তোমাদের একটি ইচ্ছাও পূরণ করতে পারিনি। মা, তুমি প্রতিটি বিপদে বন্ধুর মতো আমার পাশে দাঁড়িয়েছ। দাদা (ভাই), তুমিও আমাকে অনেক সমর্থন করেছ। তুমি আমাকে বাবা-মায়ের চেয়েও বেশি ভালোবেসেছ। আমার এই পদক্ষেপের জন্য তোমরা কেউই দায়ী নও।’

চিঠিতে নিজের ব্যর্থতার অনুশোচনা প্রকাশ করে তিনি আরও লেখেন, ‘এমনকি আমি যখন নিটের জন্য পড়াশোনা করছিলাম, তোমরা আমার জন্য সবকিছু বিসর্জন দিয়েছ, আর আমি ব্যর্থ হলাম; তোমাদের ইচ্ছা পূরণ করতে পারলাম না।’

পরিবার পরিজনদের জন্য ভালোবাসা জানিয়ে ভাইয়ের উদ্দেশে তিনি আকুতি জানান, ‘ভাই, দয়া করে মা-বাবার খুব ভালোভাবে খেয়াল রেখো। তাদের যেন কোনো কিছুর অভাব না হয়।’

ঘটনার পর পুলিশ আনুষ্ঠানিকভাবে একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছে এবং বিষয়টি তদন্ত করছে।