সৌদি আরবে ভারী বৃষ্টির পূর্বাভাস, বন্যার আশঙ্কা

কালো মেঘে ছেয়ে গেছে সৌদি আরবের আকাশ। এক সপ্তাহের পূর্বাভাসে বলা হয়েছে, দেশজুড়ে ভারী বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া, শিলাবৃষ্টি ও বন্যার আশঙ্কা রয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় প্রতিকূল আবহাওয়ার বিষয়ে সতর্ক করা হয়েছে পূর্বাভাসে।
সোমবার (২৭ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ।
সৌদির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম) জানিয়েছে, আগামী শনিবার পর্যন্ত দেশটির প্রায় প্রতিটি অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আকস্মিক বন্যা ও জানমালের ক্ষয়ক্ষতির ঝুঁকি নিয়ে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।
আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। কিছু কিছু এলাকায় শিলাবৃষ্টির পাশাপাশি উপকূলীয় অঞ্চলে সমুদ্রের ঢেউ স্বাভাবিকের চেয়ে অনেক উঁচুতে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। মরুভূমির দেশটিতে এই ধরণের টানা বৃষ্টিপাত ফ্ল্যাশ ফ্লাড বা আকস্মিক বন্যার সৃষ্টি করতে পারে বলে নাগরিকদের সতর্ক থাকতে বলা হয়েছে।
কোন অঞ্চলে কখন কেমন আবহাওয়া থাকবে
সোমবার: মক্কা, মদিনা, তায়েফ এবং উত্তরাঞ্চলীয় সীমান্ত এলাকায় বৃষ্টির মাধ্যমে এই দফার দুর্যোগপূর্ণ আবহাওয়ার শুরু হতে পারে। সোমবার (২৭ এপ্রিল) বিকেলে জাজান ও আসিরসহ দক্ষিণ-পশ্চিম অঞ্চলগুলো ভারী বৃষ্টিতে প্লাবিত হতে পারে।
মঙ্গলবার ও বুধবার: মাঝামাঝি সময়ে রিয়াদসহ মধ্যাঞ্চলে বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যা থেকে নাজরান ও আসির এলাকায় নতুন করে বৃষ্টি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। এরপর বুধবার (২৯ এপ্রিল) হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকবে। আসির, নাজরান এবং জাজানে বৃষ্টি আরও তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার ও শুক্রবার: বৃহস্পতিবার আবহাওয়া কিছুটা উত্তরের তাবুক ও আল জউফের দিকে সরবে। তবে শুক্রবার বিকেল থেকে আবারও মক্কা, মদিনা ও কাসিম অঞ্চলে অতি ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে।
শনিবার: সপ্তাহের শেষ দিনে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও রিয়াদ ও মক্কায় হালকা বৃষ্টি রয়ে যাবে। তবে দিনের শেষভাগে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আবারও এক দফা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বিশেষ করে পাহাড়ি অঞ্চল এবং নিচু এলাকায় বসবাসকারী প্রবাসী ও স্থানীয়দের এই কয়েকদিন সাবধানে চলাচলের পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। ভারী বৃষ্টির সময় উপত্যকা বা ওয়াদিগুলো থেকে দূরে থাকার এবং ট্রাফিক নির্দেশনা মেনে গাড়ি চালানোর জন্য অনুরোধ করা হয়েছে।