ভারতের মির্জাপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত

ভারতের উত্তর প্রদেশের মির্জাপুর জেলায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। বুধবার (২২ এপ্রিল) রাতের এ দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হওয়ার খবর দিয়েছে সংবাদমাধ্যম এএনআই।
স্থানীয় পুলিশের তথ্য অনুযায়ী, বড় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তার সামনে থাকা একটি প্রাইভেটকারকে ধাক্কা দেয়। প্রাইভেটকারটির সামনে আরও দুটি গাড়ি ছিল। দুর্ঘটনায় প্রাইভেটকার ও তার সামনের গাড়িগুলোতে আগুন ধরে যায়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে স্থানীয় বাসিন্দা, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।
মির্জাপুরের পুলিশ সুপার অপর্ণা রজত কৌশিক জানিয়েছেন, দুর্ঘটনার শিকার গাড়িগুলো দুমড়ে-মুচড়ে যায় এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। জেলা ম্যাজিস্ট্রেট ও স্থানীয় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ জানায়, নিহতদের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। দুর্ঘটনার পর ওই সড়কে যান চলাচল ব্যাহত হলেও বিকল্প পথে ট্রাফিক নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয়েছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করেছে স্থানীয় প্রশাসন।