পাকিস্তানি হামলার যথাযথ জবাব দেওয়ার হুমকি আফগানিস্তানের

পাকিস্তানি হামলার যথাযথ জবাব দেওয়ার হুমকি দিয়েছে আফগানিস্তান। রোববার (২২ ফেব্রুয়ারি) আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় এ হুমকি দিয়েছে বলে খবর প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ হামলার কঠোর নিন্দা জানিয়েছে আফগান কর্তৃপক্ষ। পাকিস্তানি হামলাকে জাতীয় সার্বভৌমত্ব, আন্তর্জাতিক আইন, সুপ্রতিবেশী সুলভ নীতি এবং ইসলামী মূল্যবোধের স্পষ্ট লঙ্ঘন বলে বর্ণনা করা হয়েছে।
আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এটা তাদের নিরাপত্তাবিষয়ক ত্রুটিগুলোকে উন্মোচিত করে দিয়েছে। পাকিস্তান বারবার এই ধরনের আগ্রাসন চালিয়ে তাদের অভ্যন্তরীণ নিরাপত্তাবিষয়ক ত্রুটি এবং গোয়েন্দা ব্যর্থতাকে কখনই গোপন করতে পারবে না। আফগান ভূমিতে চালানো এ হামলার যথাযথ জবাব দেওয়া হবে। সঠিক সময়ে একটি প্রতিশোধমূলক হামলা করবে আফগানিস্তান।
আফগান গণমাধ্যম এবং পাকিস্তানের তথ্য মন্ত্রণালয়ের মতে, পাকিস্তান সেনাবাহিনী পূর্ব ও দক্ষিণ-পূর্ব আফগানিস্তানের বেশ কয়েকটি এলাকায় বিমান হামলা চালিয়েছে।
পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জানিয়েছে, পাকিস্তান সীমান্তবর্তী অঞ্চলে পাকিস্তানি তালেবান (ফিতনা আল খোয়ারিজ) ও ইসলামিক স্টেট অব খোরসানের সাতটি সন্ত্রাসী শিবির এবং আস্তানা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ হামলা চালানো হয়।