Advertisement

ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ, তরুণদের কেজরিওয়ালের অভিনন্দন

এশিয়া পোস্ট ডেস্ক
ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ, তরুণদের কেজরিওয়ালের অভিনন্দন
আম আদমি পার্টির (আপ) জাতীয় আহ্বায়ক এবং দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ছবি: সংগৃহীত

টানা এক মাসেরও বেশি সময় ধরে চলা শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করেছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এ ঘটনার নেপথ্য নায়ক ভারতীয় তরুণদের অভিনন্দন জানিয়েছেন আম আদমি পার্টির (আপ) জাতীয় আহ্বায়ক এবং দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

শনিবার (২৫ জুলাই) দুপুরে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার খবর প্রকাশিত হওয়ার পর তরুণদের অভিনন্দন জানান তিনি।

এদিকে রাজধানী দিল্লির যন্তর-মন্তরে আন্দোলনরত ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে তৃতীয় দফার বৈঠক চলছিল। এর মধ্যেই পদত্যাগ করেন ধর্মেন্দ্র প্রধান।

শিক্ষামন্ত্রীর পদত্যাগের মাধ্যমে সরকার বিক্ষোভকারীদের উত্থাপিত সব দাবি পূরণ করেছে।

আন্দোলনে নেতৃত্ব দেওয়া সিজেপি গতকাল শুক্রবার (২৪ জুলাই) শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় থেকেছে। তারা সরকারকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দেয়।

আন্দোলনকারীরা শুরু থেকেই ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে তাদের প্রধান এবং ‘অ-আলোচনাযোগ্য’ দাবি হিসেবে তুলে ধরেছিলেন।

এর আগে কেন্দ্র সরকার বিক্ষোভকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নেওয়া এবং আত্মহত্যাকারী শিক্ষার্থীদের পরিবারের জন্য ক্ষতিপূরণের বিষয়ে নীতিগতভাবে সম্মতি দিলেও শিক্ষামন্ত্রীর পদত্যাগে রাজি হয়নি।

ভারতে নিট প্রশ্নপত্র ফাঁস এবং পরীক্ষা ব্যবস্থায় অনিয়মের অভিযোগে কয়েক সপ্তাহ ধরে দেশজুড়ে আন্দোলন চলছে। আন্দোলনকারীরা পরীক্ষাব্যবস্থার সংস্কার, দায়ী ব্যক্তিদের শাস্তি এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়ে আসছিলেন।

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের মাধ্যমে আন্দোলনকারীদের অন্যতম প্রধান দাবি পূরণ হলেও বিক্ষোভকারীরা জানিয়েছেন, পরীক্ষা ব্যবস্থার সংস্কার ও দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।