অখিলেশকে ওয়াইসির জোটের প্রস্তাব, কী ভাবছে বিজেপি

ভারতের উত্তর প্রদেশে ক্ষমতাসীন বিজেপিকে ঠেকাতে সমাজবাদী পার্টির (এসপি) প্রধান অখিলেশ যাদবকে জোটের প্রস্তাব দিয়েছেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম) প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। তবে বিরোধীদের এই সমঝোতার উদ্যোগকে তোষণ ও ভোট ব্যাংকের রাজনীতি আখ্যা দিয়ে কটাক্ষ করেছে বিজেপি। ভারতে আগামী সংসদীয় নির্বাচনের আগে ২০২৭ সালের এই রাজ্য নির্বাচনকে মূলত সেমিফাইনাল হিসেবে দেখা হচ্ছে।
মোরাদাবাদের একটি অনুষ্ঠানে অখিলেশ যাদবকে জোটে আহ্বান জানিয়ে বক্তব্য দেন ওয়াইসি। রোববার (২৬ জুলাই) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
ওয়াইসি বলেন, দেরি হয়ে যাওয়ার আগে এখনই আলোচনার উপযুক্ত সময়। মজলিস চায় না যে, উত্তর প্রদেশে আবারও বিজেপি সরকার গঠন করুক। আমি হাত মেলাতে প্রস্তুত। আমি জোট গঠন করতে প্রস্তুত। আজই কথা বলার সময়। পরে নির্বাচন শেষ হয়ে গেলে কাঁদবেন না।
উত্তর প্রদেশের সবচেয়ে বড় বিরোধী দল হলো সমাজবাদী পার্টি। তাদের ওপর দায়িত্ব পড়েছে কট্টর মনোভাবাপন্ন দুবারের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন বিজেপির বিজয়রথকে চ্যালেঞ্জ করার।
প্রতিদ্বন্দ্বী হয়ে একে অপরের ভোট কেটে ফেলার পরিবর্তে অখিলেশের সঙ্গে সরাসরি হাত মেলানোর ইচ্ছার কথা জানান ওয়াইসি। তিনি বলেন, আপনি বলেন যে, ওয়াইসি প্রতিদ্বন্দ্বিতা করলে আপনাদের ক্ষতি হবে। আমি আপনাদের সঙ্গে থেকে লড়াই করতে প্রস্তুত।
নিজের দলের রাজনৈতিক অবস্থান তুলে ধরে হায়দ্রাবাদের এই এআইএমআইএম সাংসদ জোর দিয়ে বলেন, তাদের লড়াই কখনোই কোনো ধর্মের বিরুদ্ধে ছিল না। আমাদের লড়াই আমাদের সম্মান ও বিচারের জন্য। আমরা মাদুরে বসে থাকতে চাই না। আমরা সমতা চাই। অখিলেশ যদি ওই চেয়ারের সামনে বসেন, তবে ওয়াইসিও সেই চেয়ারের সামনে পা তুলে বসবেন এবং অধিকার ও বিচার নিয়ে কথা বলবেন।
ওয়াইসির এই প্রস্তাবের পর পাল্টা জবাব দিতে দেরি করেনি ক্ষমতাসীন বিজেপি। দলটির মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা বিরোধীদের এই উদ্যোগকে ‘ভোট ব্যাংক রাজনীতি’ বলে কটাক্ষ করেছেন।
তিনি বলেন, অখিলেশ যাদব এবং ওয়াইসি তোষণের রাজনীতিতে প্রতিযোগিতা করেন। আজ তারা ‘কোন বনেগা বড় ভাইজান’ (কে বড় তোষণকারী হবেন) প্রতিযোগিতা সরিয়ে রেখে বলছেন আসুন ‘ভাইজান’ সহযোগিতা করি। তাই ওয়াইসি অখিলেশ জিকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন।
একই সঙ্গে তিনি ওয়াইসি এবং অখিলেশ যাদবকে একই মুদ্রার দুই পিঠ বলেও মন্তব্য করেন।
.png)





