সিরিয়ায় ইসরায়েলি হামলার নিন্দা জানাল কাতার জর্ডান মিশর তুরস্ক

দক্ষিণ সিরিয়ায় সামরিক অবকাঠামোতে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে কাতার, জর্ডান, মিশর ও তুরস্ক। শুক্রবার (২০ মার্চ) মধ্যরাতে এক বিবৃতিতে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা এই হামলাকে ‘সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের সুস্পষ্ট পরিপন্থী’ হিসেবে দেখছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, এ ধরনের হামলা অব্যাহত থাকা এবং তা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ না নেওয়া আঞ্চলিক নিরাপত্তার ভিত্তিকে দুর্বল করছে। পাশাপাশি, এমন লঙ্ঘন ঠেকাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যর্থতা পুরো অঞ্চলের সংকটকে আরও গভীর করছে।
অন্যদিকে জর্ডান ও মিশরও এই হামলার নিন্দা জানিয়েছে। এই হামলার নিন্দা জানিয়েছে তুরস্কও। আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলেছে, এই হামলা আন্তর্জাতিক আইন এবং সিরিয়ার সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন।
ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, সুইদা এলাকায় দ্রুজ সম্প্রদায়ের বেসামরিক নাগরিকদের ওপর সিরীয় কর্তৃপক্ষের হামলার জবাব হিসেবেই এই অভিযান চালানো হয়েছে।