মস্কো বিমানবন্দরে ৪০ ইসরায়েলি আটক

মস্কোর দোমোদেদোভো বিমানবন্দরে বেশ কিছু ইসরায়েলি পর্যটককে দীর্ঘ সময় আটকে রেখে জিজ্ঞাসাবাদ করেছে। এছাড়া তাদের ফোন তল্লাশি করেছে রুশ কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২১ এপ্রিল) মিডল ইস্ট মনিটর ও বিভিন্ন গণমাধ্যম জানায়, দ্বৈত নাগরিকসহ প্রায় ৪০ জন ইসরায়েলিকে টানা পাঁচ ঘণ্টা অত্যন্ত "কঠোর নজরদারির মধ্যে আটকে রাখা হয়। অভিযোগ রয়েছে যে, এই সময়ে তাদের খাবার ও পানি দেওয়া হয়নি এবং রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস তাদের মোবাইল ফোন জব্দ করে তল্লাশি চালায়।
আটকদের মধ্যে একজন জানান, রুশ কর্মকর্তাদের আচরণ ছিল অত্যন্ত রূঢ়। তারা রাজনৈতিক বার্তাও দিচ্ছিলেন। এক কর্মকর্তা বলেন, "ইরান রাশিয়ার কৌশলগত মিত্র এবং তেহরানের শত্রু মানেই মস্কোর শত্রু।"
প্রতিবেদন অনুযায়ী, পরে একটি 'সতর্কতামূলক' নথিতে স্বাক্ষর করিয়ে পর্যটকদের ছেড়ে দেওয়া হয়। তবে ওই নথিতে কী লেখা ছিল তা প্রকাশ করা হয়নি।
ইসরায়েলের এক সরকারি সূত্র ঘটনার সত্যতা নিশ্চিত করলেও জানিয়েছে, আটককৃতদের সংখ্যা রিপোর্টের তুলনায় কিছুটা কম হতে পারে। ওই সূত্র আরও জানায়, মস্কোর সাথে উত্তেজনা এড়াতে ইসরায়েলি কূটনীতিকরা বিষয়টি নীরবে পর্যবেক্ষণ করছেন।
রাশিয়া ও ইসরায়েলের মধ্যে বাড়তে থাকা কূটনৈতিক টানাপোড়েন এবং মস্কো-তেহরানের ক্রমবর্ধমান সামরিক ও রাজনৈতিক ঘনিষ্ঠতার প্রভাবেই ইসরায়েলি পর্যটকদের সাথে এমন আচরণ করা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।