জো বাইডেনের হাড়ে ছড়িয়ে পড়েছে ক্যানসার: ছেলে হান্টার

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের শরীরের বিভিন্ন অংশে প্রোস্টেট ক্যানসার আরও ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন তার ছেলে হান্টার বাইডেন। ২০২৫ সালের মে মাসে প্রেসিডেন্টের দায়িত্ব ছাড়ার মাত্র চার মাস পর ৮২ বছর বয়সি বাইডেনের শরীরে আক্রমণাত্মক ধরনের প্রোস্টেট ক্যানসার ধরা পড়ে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে বাবার ক্যানসার সম্পর্কে হান্টার বাইডেন এই তথ্য নিশ্চিত করেন। তবে গত শুক্রবার রাতে প্রচারিত বিবিসির ‘নিউজনাইট’ অনুষ্ঠানে তিনি জানান, তার বাবার শরীরের ক্যানসারের অবস্থা এখন বেশ জটিল।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, গত বছর ক্যানসারে আক্রান্তের পর তা সাবেক প্রেসিডেন্টের শরীরের হাড়েও ছড়িয়ে যায়। রেডিয়েশন ও হরমোন থেরাপিসহ নানা চিকিৎসা চলাকালীন গত মাসে নিজের স্মৃতিকথা প্রকাশের ঘোষণার সময় ৮৩ বছর বয়সি তিনি জানান, তার শারীরিক চিকিৎসা ‘খুব ভালোভাবেই এগোচ্ছে’।
‘নিউজনাইট’ অনুষ্ঠানে হান্টার বলেন, ‘রোগটি আরও ছড়িয়ে পড়েছে। বাবার হাড়ে ও শরীরের অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গে ক্যান্সার বাসা বেঁধেছে। এটি অত্যন্ত যন্ত্রণাদায়ক এবং তাকে বহু দিক থেকে দুর্বল করে দিচ্ছে। তা সত্ত্বেও তিনি বাইরে যাচ্ছেন এবং নিজের নির্ধারিত কাজগুলো চালিয়ে নিচ্ছেন। তিনি এখনও এই দেশকে গভীরভাবে ভালোবাসেন।’
বাবার শারীরিক অবক্ষয়ের কথা বলতে গিয়ে সাক্ষাৎকারের একপর্যায়ে আবেগাপ্লুত হয়ে পড়েন হান্টার বাইডেন। তিনি বলেন, ‘বাবার মতো মানুষকে এই অবস্থায় দেখা সত্যিই খুব কঠিন এবং বেদনাদায়ক।’
যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে জ্যেষ্ঠ প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে বহু আগে থেকেই নানা রাজনৈতিক ও সামাজিক আলোচনা ছিল।
২০২৪ সালের জুনে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রেসিডেন্সিয়াল বিতর্কে হতাশাজনক পারফরম্যান্সের পর ডেমোক্রেটিক পার্টির ব্যাপক চাপের মুখে তিনি নির্বাচনের লড়াই থেকে সরে দাঁড়ান। পরে কমলা হ্যারিসকে প্রার্থী হিসেবে সমর্থন দেন। পরবর্তী সময়ে সেই নির্বাচনে জয়ী হয়ে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে ফেরেন ডোনাল্ড ট্রাম্প।
