logo

ইরানের হামলার জবাব দেওয়ার ‘পূর্ণ অধিকার’ রয়েছে: আরব আমিরাত

ইরানের হামলার জবাব দেওয়ার ‘পূর্ণ অধিকার’ রয়েছে: আরব আমিরাত

ইরানের হামলার জবাব দেওয়ার ‘পূর্ণ অধিকার’ রয়েছে বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দেশটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে। খবর আল জাজিরার।

বিবৃতিতে বলা হয়েছে, তারা ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু হয়েছিল এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিছু সংখ্যক ক্ষেপণাস্ত্র সফলভাবে ভূপাতিত করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, এ হামলা সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। রাষ্ট্র তার ভূখণ্ড সুরক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ এবং এই উত্তেজনার জবাব দেওয়ার পূর্ণ অধিকার সংরক্ষণ করে। পাশাপাশি যে কোনো হুমকি মোকাবিলায় দেশটি সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলেও জানানো হয়।

আবুধাবির একটি আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে এবং এ ঘটনায় একজন ব্যক্তি নিহত হয়েছেন বলে বিবৃতিতে জানানো হয়েছে।

আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, বেসামরিক স্থাপনা, অবকাঠামো ও সরকারি প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা তারা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে। এ ধরনের কর্মকাণ্ডকে তারা ‘বিপজ্জনক উত্তেজনা’ও ‘কাপুরুষোচিত’ কাজ বলে উল্লেখ করেছে, যা বেসামরিক নাগরিকদের নিরাপত্তা হুমকির মুখে ফেলে এবং আঞ্চলিক স্থিতিশীলতা বিনষ্ট করে।