ইউক্রেনের খারকিভে রুশ হামলায় নিহত ২, দানিউব বন্দরে অবকাঠামো ক্ষতিগ্রস্ত

ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় শহর খারকিভ ও পার্শ্ববর্তী অঞ্চলে রাশিয়ার হামলায় দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া দানিউব নদীর তীরে অবস্থিত ইজমাইল বন্দরে রুশ হামলায় বন্দর স্থাপনা ও জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। রয়টার্সের বরাতে এ খবর দিয়েছে বিজনেস রেকর্ডার।
খারকিভ অঞ্চলের প্রসিকিউটররা বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে জানান, শহরে হামলায় আহত এক নারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ছাড়া সীমান্তের কাছের একটি জেলায় রুশ ড্রোন হামলায় গাড়িতে থাকা এক ব্যক্তি নিহত হয়েছেন। সীমান্ত থেকে ৩০ কিলোমিটার দূরে অবস্থিত এই শহরে পৃথক দুই হামলায় আহত হয়েছেন অন্তত নয়জন।
অন্যদিকে, দক্ষিণ পশ্চিম ইউক্রেনের দানিউব বন্দরে অবস্থিত ইজমাইল শহরেও হামলা চালিয়েছে রুশ বাহিনী। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, সেখানে বন্দর ও জ্বালানি স্থাপনাগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এদিকে ইউক্রেন সীমান্তের ওপারে রাশিয়ার বেলগোরোদ অঞ্চলের গভর্নর ভ্যাচেস্লাভ গ্ল্যাডকভ জানিয়েছেন, ইউক্রেনীয় ড্রোন হামলায় সীমান্তের কাছে একটি গ্রামে মোটরসাইকেল আরোহী ১৮ বছর বয়সি এক যুবক এবং গ্রাইভোরন শহরে গাড়িতে থাকা এক নারী নিহত হয়েছেন।
কিয়েভ ও মস্কোর মধ্যে চলমান চার বছর বয়সি এই যুদ্ধে বেলগোরোদ প্রায়ই ইউক্রেনীয় বাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে।
মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছেন, বুধবার সারাদিনে রাজধানীর দিকে ধেয়ে আসা ১৭টি ইউক্রেনীয় ড্রোন প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।