logo

মার্কিন হামলায় নিহত ইরানি শিশুদের পরিবারকে সহায়তা করবে চীন

মার্কিন হামলায় নিহত ইরানি শিশুদের পরিবারকে সহায়তা করবে চীন

ইরানের মিনাব শহরের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে যুক্তরাষ্ট্রের প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র হামলায় প্রায় ১৭৫ শিক্ষার্থী নিহত হয়েছে। সন্তান হারানো শোকার্ত পরিবারগুলোর জন্য আর্থিক সহায়তার ঘোষণা দিয়ে এবার সরাসরি ইরানের পাশে দাঁড়াল চীন।

শুক্রবার (১৩ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

এতে বলা হয়, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে, রেড ক্রস সোসাইটি অব চায়না ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটিকে জরুরি মানবিক সহায়তা হিসেবে ২ লাখ ডলার পাঠাবে। এই মানবিক তহবিলটি যুদ্ধে নিহত শিক্ষার্থীদের বাবা-মায়ের জন্য বরাদ্দ করা হবে।

সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, বেইজিং ‘বেসামরিক নাগরিকদের ওপর সব নির্বিচার হামলার নিন্দা জানায়’।

এর আগে, ২৮ ফেব্রুয়ারি ইরানের দক্ষিণে মিনাব শহরের শাজারাহ তাইয়েবাহ প্রাথমিক বিদ্যালয় ভবনে হামলা চালায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। যদিও পরে তারা এই হামলাকে একটি নিশানাগত (টার্গেটিং) ভুল বলে স্বীকার করেছিল। তাদের দাবি, বিদ্যালয় ভবনের পাশেই অবস্থিত একটি ইরানি ঘাঁটিতে হামলার সময় এ ঘটনা ঘটে।