logo

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার ঘোষণার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রায় ৪ শতাংশ কমে গেছে। এর ফলে মার্চের পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।

সোমবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড ফিউচারসের দাম ব্যারেল প্রতি ৩.৫৮ ডলার বা ৪.১০ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮৩.৭৫ ডলারে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ব্যারেল প্রতি ৪.০১ ডলার বা ৪.৭২ শতাংশ কমে ৮০.৮৭ ডলারে নেমে এসেছে।

এর আগে গত শুক্রবারও উভয় চুক্তিতে তেলের দাম ৩ শতাংশের বেশি হ্রাস পেয়েছিল।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালির মতো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ সচল হওয়া এবং ইরানের ওপর থেকে তেল নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবরের প্রভাব পড়েছে জ্বালানির বাজারে।

দীর্ঘদিনের সংঘাত ও উত্তেজনার অবসান ঘটিয়ে অবশেষে একটি ঐতিহাসিক শান্তি চুক্তিতে পৌঁছাল যুক্তরাষ্ট্র ও ইরান। সোমবার ভোররাতে এই যুগান্তকারী সমঝোতার বিষয়টি নিশ্চিত করেছেন শান্তি আলোচনার প্রধান মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। আগামী শুক্রবার (১৯ জুন) সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর ঘোষণার পরপরই চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে চুক্তি এখন সম্পন্ন। আমি হরমুজ প্রণালিকে সম্পূর্ণভাবে টোলমুক্তভাবে চলাচলের জন্য উন্মুক্ত করার অনুমতি দিচ্ছি। একই সঙ্গে মার্কিন নৌবাহিনীর আরোপিত অবরোধও অবিলম্বে তুলে নেওয়ার নির্দেশ দিচ্ছি।’

তিনি জানান, আগামী শুক্রবার চুক্তি স্বাক্ষরের পর থেকেই হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহর নিউজ জানিয়েছে, খসড়া চুক্তি অনুযায়ী ৩০ দিনের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হবে, যা ইরানের প্রশাসনিক ব্যবস্থার অধীনে পরিচালিত হবে।

চুক্তির বিস্তারিত আনুষ্ঠানিকভাবে প্রকাশ না হলেও ইরানি সংবাদ সংস্থা মেহর জানিয়েছে, এতে সব ফ্রন্টে তাৎক্ষণিক যুদ্ধবিরতি, লেবাননসহ সংঘাত বন্ধ এবং ইরানের তেল বিক্রির ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করার বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।