logo

কেমন আছেন মোজতবা খামেনি, জানাল রয়টার্স

কেমন আছেন মোজতবা খামেনি, জানাল রয়টার্স

আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকে এখনও সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে জনসম্মুখে আসতে দেখা যায়নি। তার অবস্থান এবং শারীরিক অবস্থা নিয়ে বারবার আলোচনা চলছে। ওয়াশিংটন কখনও কখনও দাবি করছে, তিনি গুরুতর আহত বা নিহত। আবার চিকিৎসার জন্য তিনি রাশিয়ায় অবস্থান করছেন এমন খবরও মাঝে আলোচিত হয়।  

মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে সর্বশেষ তথ্য নির্ভর একটি প্রতিবেতদন প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। যেখানে ইরানের এই সর্বোচ্চ নেতার শারীরিক অবস্থা উন্নতির দিকে বলে নিশ্চিত করা হয়েছে। 

মোজতবার কয়েকটি ঘনিষ্ঠ সূত্রের বরাতে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে চালানো বিমান হামলায় তিনি মারাত্মকভাবে আহত হন। হামলায় তার মুখমণ্ডল বিকৃত হয়ে গেছে এবং একটি পা বা উভয় পা মারাত্মকভাবে জখম হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

তিনটি সূত্রের বরাতে রয়টার্স জানায়, সেন্ট্রাল তেহরানে অবস্থিত প্রয়াত নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কম্পাউন্ড লক্ষ্য করে ওই হামলা হয়েছিল। যৌথ হামলায় সেদিন ১৯৮৯ সাল থেকে ইরানের শাসন ক্ষমতায় থাকা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। একই হামলায় মোজতবার স্ত্রী, শ্যালক এবং শ্যালিকাও নিহত হন বলে জানিয়েছে রয়টার্স। 

তবে মোজতবা সুস্থ হয়ে উঠছেন বলে আশ্বস্ত করেছে সূত্রগুলো। ৫৬ বছর বয়সি এই নেতা মানসিকভাবেও সম্পূর্ণ সজাগ আছেন বলে নিশ্চিত করেছেন তারা। দুজনের মতে, তিনি অডিও কনফারেন্সের মাধ্যমে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নিচ্ছেন। এমনকি ইসলামাবাদে চলমান ওয়াশিংটনের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে নির্দেশনা দিচ্ছেন।

গত ৮ মার্চ পিতা আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে মোজতবা খামেনিকে এখনও জনসম্মুখে দেখা যায়নি। কয়েক দশকের মধ্যে ইরান এই যুদ্ধের মধ্য দিয়ে কঠিন সময় পার করছে। এক মাসেরও বেশি সময় ধরে চলমান ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের স্থায়ী সমাধান নিয়ে শনিবার (১১ এপ্রিল) ইসলামাবাদে আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে মোজতবার শারীরিক অবস্থার বিষয়টি গুরুত্বের সঙ্গে সামনে আসছে। 

এদিকে খামেনির শরীরিক অবস্থা বা তার জনসম্মুখে না আসার বিষয়ে কোনো ধরনের মন্তব্য করেনি জাতিসংঘে নিযুক্ত ইরানের মিশন। ইরানের পক্ষ থেকেও এখন পর্যন্ত খামেনির হতাহতের বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি।

এর আগে গত ১৩ মার্চ খামেনির আহত হওয়া নিয়ে মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ মন্তব্য করেছিলেন। ওই সময় তিনি জানান, ‘খামেনি আহত হয়েছেন। সম্ভবত তার অঙ্গহানি বা বিকৃত হয়েছে।’ মার্কিন গোয়েন্দার (সিআইএ) সাথে সংশ্লিষ্ট একটি সূত্র রয়টার্সকে জানায়, খামেনি একটি পা হারিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে সিআইএ এবং ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। 

মিডল ইস্ট ইনস্টিটিউটের সিনিয়র ফেলো অ্যালেক্স ভাটানকা বলেন, আঘাত যতই গুরুতর হোক না কেন, এই নতুন ও অনভিজ্ঞ নেতার পক্ষে তার পিতার মতো একচ্ছত্র ক্ষমতা অর্জন করা কঠিন হবে। তাকে ক্ষমতার ধারাবাহিকতা হিসেবে দেখা হলেও পিতার মতো স্বয়ংক্রিয় কর্তৃত্ব তৈরি করতে তার কয়েক বছর সময় লেগে যেতে পারে।

খামেনির ঘনিষ্ঠ আরেকটি সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, আগামী দুয়েক মাসের মধ্যে সর্বোচ্চ নেতার ছবি প্রকাশ করা হতে পারে। পরিস্থিতি অনুকূলে থাকলে তিনি জনসম্মুখেও আসতে পারেন বলে জানিয়েছে সূত্রটি।