গাজা পুনরুদ্ধারে ১০০ কোটি ডলারের প্রকল্প চালু করল ইইউ

ফিলিস্তিনের গাজা উপত্যকার প্রাথমিক পুনরুদ্ধার কার্যক্রমে সহায়তার জন্য প্রায় ১০০ কোটি ডলারের (৮৮৩ দশমিক ৬ মিলিয়ন ইউরো) ‘টিম গাজা ইনিশিয়েটিভ’ আনুষ্ঠানিকভাবে চালু করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
সোমবার ব্রাসেলসে অনুষ্ঠিত ফিলিস্তিন দাতা গোষ্ঠীর (প্যালেস্টাইন ডোনার গ্রুপ) দ্বিতীয় মন্ত্রী পর্যায়ের বৈঠকের আগে এ উদ্যোগের ঘোষণা দেওয়া হয়। বৈঠকের আয়োজন করে ইউরোপীয় কমিশন। এতে যৌথভাবে সভাপতিত্ব করেন ভূমধ্যসাগরবিষয়ক ইউরোপীয় কমিশনার দুব্রাভকা সুইচা ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তাফা।
বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের সদস্যরাষ্ট্র, অংশীদার দেশ, আন্তর্জাতিক সংস্থা ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ ৬৫টি প্রতিনিধিদল অংশ নেয়। তারা গাজার পুনরুদ্ধার কার্যক্রমে সমন্বিত সহায়তা এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের সংস্কার কর্মসূচির অগ্রগতি নিয়ে আলোচনা করেন।
‘টিম গাজা ইনিশিয়েটিভ’-এ অর্থায়ন করেছে ইউরোপীয় কমিশন, ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক (ইআইবি), বিশ্বব্যাংক এবং স্পেন, ডেনমার্ক, যুক্তরাজ্য, জার্মানি, নরওয়ে, ফিনল্যান্ড, ইতালি, নেদারল্যান্ডস, ফ্রান্স, জাপান, সুইজারল্যান্ড, সুইডেন ও বেলজিয়ামসহ একাধিক দেশ।
ইউরোপীয় কমিশন জানিয়েছে, অস্ট্রেলিয়া ও কানাডাও এ উদ্যোগে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে।
ইইউর ভাষ্য অনুযায়ী, গাজা শান্তি পরিকল্পনা এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২৮০৩ নম্বর প্রস্তাবের সঙ্গে সামঞ্জস্য রেখে গাজার প্রাথমিক পুনরুদ্ধার প্রকল্পগুলো সমন্বয় করাই এ উদ্যোগের লক্ষ্য। পাশাপাশি এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের চলমান সহায়তা কার্যক্রমেরও পরিপূরক হবে।
এই তহবিলের অর্থ দিয়ে গাজার বেসামরিক জনগণের জন্য জরুরি সেবা পুনরুদ্ধারে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হবে। এর মধ্যে রয়েছে নিরাপদ পানি ও স্যানিটেশন ব্যবস্থা, ধ্বংসস্তূপ ও কঠিন বর্জ্য অপসারণ, স্বাস্থ্যসেবা, জ্বালানি ব্যবস্থা পুনর্গঠন, কৃষি এবং খাদ্যনিরাপত্তা খাতের উন্নয়ন।
এ ছাড়া ফিলিস্তিনি কর্তৃপক্ষকে সহায়তা দেওয়ার জন্য ইউরোপীয় ইউনিয়নের পেগাস কর্মসূচির আওতায় নতুন অর্থায়নের ঘোষণাও দেওয়া হয়েছে। স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে পরিচালিত এ কর্মসূচির মাধ্যমে ইইউ এবং কয়েকটি ইউরোপীয় দেশ ৪১ দশমিক ৭ মিলিয়ন ইউরোর নতুন অনুদান চুক্তি সই করেছে।
এ অনুদানদাতা দেশগুলোর মধ্যে রয়েছে স্পেন, ডেনমার্ক, সাইপ্রাস, আয়ারল্যান্ড, গ্রিস, পর্তুগাল, ইতালি, নেদারল্যান্ডস, ফ্রান্স, সুইজারল্যান্ড ও বেলজিয়াম।
এর পাশাপাশি ২০২৬ ও ২০২৭ সালের জন্য পেগাস কর্মসূচির মাধ্যমে আরও ৩১০ মিলিয়ন ইউরো দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইউরোপীয় কমিশন।





