মধ্যপ্রাচ্য সংঘাত নিরসনে জাতিসংঘ প্রধানের বিশেষ দূত নিয়োগ

প্রবীণ ফরাসি কূটনীতিক জঁ আরনোকে নিজের ব্যক্তিগত দূত হিসেবে নিয়োগ দিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। আলজাজিরার খবর জানাচ্ছে, আরনো মধ্যপ্রাচ্য সংঘাত ও এর প্রভাব নিরসনে জাতিসংঘের প্রচেষ্টার তদারকি করবেন ও নেতৃত্ব দেবেন।
গুতেরেস জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিরসনে তিনি নিজে নিউইয়র্ক থেকে যা করার চেষ্টা করছেন, আরনো মাঠপর্যায়ে গিয়ে সেই কাজটিই করবেন। অর্থাৎ মধ্যস্থতা ও শান্তি বজায় রাখার যাবতীয় প্রচেষ্টায় সরাসরি সহায়তা করবেন আরনো।
জাতিসংঘ মহাসচিব আরও জানান, আরনো সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে যোগাযোগ রাখবেন এবং ওই অঞ্চলের পাশাপাশি বহির্বিশ্বের বেসামরিক নাগরিকদের ওপর যুদ্ধের প্রভাব পর্যবেক্ষণ করবেন। এরমধ্যে যুদ্ধের ফলে সৃষ্ট অর্থনৈতিক অস্থিরতা, বিশেষ করে স্বল্পোন্নত দেশগুলোর ওপর এর প্রভাবের বিষয়টিও তার কাজের অন্তর্ভুক্ত থাকবে।
জাতিসংঘের তথ্যমতে, শান্তি চুক্তি ও মধ্যস্থতা কেন্দ্রিক আন্তর্জাতিক কূটনীতিতে জঁ আরনোর ৩০ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি আফ্রিকা, এশিয়া, ইউরোপ ও ল্যাটিন আমেরিকায় জাতিসংঘের বিভিন্ন মিশনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।