logo

নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিল ইরানের সংসদ

নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিল ইরানের সংসদ
ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে মেহেরদাদ আখলাকি কেতাবচিকে অনুমোদন দিয়েছে দেশটির পার্লামেন্ট। ছবি: আনাদোলু এজেন্সি

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে মেহেরদাদ আখলাকি কেতাবচিকে অনুমোদন দিয়েছে দেশটির পার্লামেন্ট। রোববার অনুষ্ঠিত অধিবেশনে তার নিয়োগের পক্ষে ২৩৭টি এবং বিপক্ষে ১৫টি ভোট পড়ে। কোনো সদস্য ভোটদানে বিরত থাকেননি। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি এ তথ্য জানিয়েছে।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত পার্লামেন্টের ওই অধিবেশনে মোট ২৭৭টি ভোট পড়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে আখলাকির পরিকল্পনা পর্যালোচনা এবং তার পক্ষে-বিপক্ষে আইনপ্রণেতাদের বক্তব্য শোনার পর ভোটাভুটি অনুষ্ঠিত হয়।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রাথমিক হামলায় নিহত হন তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ। তার মৃত্যুর পর মাজিদ এবন আল-রেজা ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন। এখন তার স্থলাভিষিক্ত হলেন আখলাকি কেতাবচি।

নতুন হামলা হলে ‘ব্যাপক ও বিস্ময়কর’ জবাবের হুঁশিয়ারি

নিয়োগের বিষয়ে ভোটাভুটির আগে পার্লামেন্টে দেওয়া বক্তব্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দেন আখলাকি। তিনি বলেন, দেশ দুটির পক্ষ থেকে ইরানে আবারও হামলা চালানো হলে তেহরান ‘বিস্ময়কর ও ব্যাপক’ পাল্টা জবাব দেবে।

আখলাকি বলেন, ‘মার্কিন-ইহুদিবাদী শত্রু আবারও ভুল হিসাব করলে ইরানের জনগণ ও ইসলামের যোদ্ধাদের জবাব হবে বিস্ময়কর ও ব্যাপক।’

এ ধরনের হামলার ফলে আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে যেসব পরিণতি তৈরি হবে, তার দায় ওয়াশিংটন ও তার মিত্রদের নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

আখলাকি আরও দাবি করেন, গত ৩৫ বছর ধরে তিনি তার শত্রুদের ‘হত্যার তালিকায়’ রয়েছেন। একই সঙ্গে ইরানের ভাষায় ‘প্রতিরোধ ফ্রন্ট’ আরও শক্তিশালী করার অঙ্গীকার করেন তিনি।

প্রতিরক্ষা উৎপাদন ও গবেষণায় গুরুত্ব

দীর্ঘদিন ধরে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন আখলাকি কেতাবচি। এর আগে তিনি দেশটির অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ অর্গানাইজেশনের প্রধান ছিলেন।

নতুন দায়িত্বে তার অগ্রাধিকারগুলোর মধ্যে রয়েছে ইরানের শিল্প খাতজুড়ে প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন সম্প্রসারণ, গবেষণা কার্যক্রম জোরদার এবং বর্তমান নিরাপত্তা পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাঠামো পুনর্গঠন।

ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে সংশ্লিষ্টতার অভিযোগে আখলাকি কেতাবচির ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করেছে।

নতুন প্রতিরক্ষামন্ত্রীর নিয়োগ এমন এক সময়ে অনুমোদিত হলো, যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সামরিক উত্তেজনা অব্যাহত রয়েছে। তার বক্তব্যে সম্ভাব্য নতুন হামলার বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়ার পাশাপাশি ইরানের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।