ভারতে নির্মাণাধীন টানেল ধসে নিহত বেড়ে ৫

এশিয়া পোস্ট ডেস্ক
ভারতে নির্মাণাধীন টানেল ধসে নিহত বেড়ে ৫
কেরালার ভারতে নির্মাণাধীন টানেল ধস। ছবি: ভিডিও থেকে নেওয়া

ভারতের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মালাবার উপকূলবর্তী রাজ্য কেরালার ওয়ানাড়ে একটি নির্মাণাধীন টানেল প্রকল্পে ভয়াবহ ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) ভারী বর্ষণের কারণে সৃষ্ট এই দুর্যোগের পর বৃহস্পতিবার (৯ জুলাই) উদ্ধার অভিযানের তৃতীয় দিনে ধ্বংসস্তূপ ও নদীর পাড় থেকে আরও দুটি মরদেহ উদ্ধার করা হয়।

নিহতদের মধ্যে একজন হিমাচল প্রদেশের প্রকৌশলী রাহুল শর্মা ও অন্যজন বিহারের এক্সকাভেটর চালক মোহাম্মদ ইমরান। মরদেহগুলো ময়নাতদন্তের পর বিশেষ প্রক্রিয়ায় সংরক্ষণ করে তাদের নিজ নিজ রাজ্যে ফেরত পাঠানোর ব্যবস্থা করছে প্রশাসন।

দুর্ঘটনাটি ঘটেছে কাল্লাড়ির মীনাক্ষী ব্রিজের কাছে প্রস্তাবিত টুইন-টিউব টানেল নির্মাণ প্রকল্পের স্থানে। প্রবল বৃষ্টির কারণে মাটির নিচে সুড়ঙ্গ তৈরি হয়ে এই ধসের সূত্রপাত হয়।

এনডিটিভির প্রতিবেদন থেকে জানা গেছে, বর্তমানে ন্যাশনাল ডিস্টার রেসপন্স ফোর্স ও ফায়ার সার্ভিস যৌথভাবে নিখোঁজ আরও তিনজনের সন্ধানে উদ্ধারকাজ চালাচ্ছে। এ ছাড়া হাসপাতালে চিকিৎসাধীন সাতজন আহত শ্রমিকের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা এখনও আশঙ্কাজনক।

এই ঘটনাকে কেরালা রাজ্য সরকার একটি ‘মনুষ্যসৃষ্ট দুর্যোগ’ হিসেবে আখ্যায়িত করেছে। সরকারের অভিযোগ, ঠিকাদাররা অবৈজ্ঞানিক ও ঝুঁকিপূর্ণ উপায়ে বিপুল পরিমাণ কাদা ও মাটির স্তূপ জমিয়ে রাখায় ধসের তীব্রতা ও ক্ষয়ক্ষতি অনেক বেড়েছে।

ইতোমধ্যে পুলিশ একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছে। রাজ্য মন্ত্রিসভা নিরাপত্তা বিধি ও পরিবেশগত ছাড়পত্র লঙ্ঘনের বিষয়টি খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করেছে।