ইরানের হামলায় আহত মার্কিন সেনা নিহত

সৌদি আরবে যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে চালানো ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত আরও এক মার্কিন সেনা নিহত হয়েছেন। সোমবার (৯ মার্চ) ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছে।
সেন্টকম জানিয়েয়েছে, রোববার (৮ মার্চ) রাতে মধ্যপ্রাচ্যে ইরানি শাসনের প্রাথমিক হামলার সময় আহত এক মার্কিন সেনা নিহত হয়েছে। গত ১ মার্চ সৌদি আরবে মার্কিন সেনাদের ওপর হামলার সময় এই সেনা সদস্য গুরুতর আহত হয়েছিলেন।
অপারেশন এপিক ফিউরি চলাকালীন এটি সপ্তম মার্কিন সেনার নিহতের ঘটনা বলে উল্লেখ করেছে সেন্টকম। পোস্টে তারা জানায়, বর্তমানে বড় ধরনের সামরিক অভিযান অব্যাহত রয়েছে। নিহতের পরিবারকে জানানোর ২৪ ঘণ্টা পর তার পরিচয় প্রকাশ করা হবে বলে জানিয়েছে সেন্টকম।
এদিকে রোববার ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবে দুই প্রবাসী নিহত হয়েছেন। তাদের একজন বাংলাদেশি, অন্যজন ভারতীয়। সৌদি আরবের সিভিল ডিফেন্স এজেন্সি এক্সে এক পোস্টে এসব তথ্য জানিয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।
সৌদি আরবের আল-খার্জ গভর্নরেটের একটি কমপাউন্ডের একটি আবাসিক ভবনে হামলা চালায় ইরান। এতে আরও ১২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে সৌদি আরবের সিভিল ডিফেন্স এজেন্সি। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তারা।
এর আগে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছিল, তারা সৌদি আরবের আল খার্জসহ বিভিন্ন স্থানের রাডার ব্যবস্থা নিশানা করে হামলা চালিয়েছে। সেই আল-খার্জে দুজন নিহত হওয়ার কথা জানা গেল।
গত মঙ্গলবার সৌদি আরবে মার্কিন দূতাবাস এবং সংযুক্ত আরব আমিরাতের মার্কিন কনস্যুলেট ড্রোন হামলার শিকার হয়।